খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৭:০১ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৩ পিএম
শাদাব খান। ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের জন্য নিজেকে দায়ী করেছেন শাদাব খান। এর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
গতকাল রবিবার ফাইনালে হারের পর শাদাব ফেসবুকে পোস্ট করে ক্ষমা চান। তিনি লিখেছেন, ক্যাচই আসলে ম্যাচ জেতায়। আমি দুঃখিত, এই হারের দায় নিচ্ছি। আমি আমার দলের সর্বনাশ করেছি। দলের পজিটিভ দিক হলো, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ আর পুরো বোলিং আক্রমণ ছিল দুর্দান্ত। মোহাম্মদ রিজওয়ান দারুণ লড়েছে। পুরো দল তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’
ক্রিকেটে বলা হয়, ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসেকে আউট করতে না পেরে চরম মূল্য দিয়েছে পাকিস্তান। ভানুকা দুবার জীবন পেয়েছেন শাদাব খানের বদান্যতায়। ৪৫ বলে ৭১ রান তুলে দলকে বড় স্কোর এনে দেন ভানুকা। ছিলেন অপরাজিত।
শ্রীলঙ্কাকে অভিনন্দনও জানান শাদাব।
ভানুকাকে শাদাব প্রথম জীবন দেন ৪৬ রানে। ১৮তম ওভারে হারিস রউফের বলে লং অনে ক্যাচ। এরপর বাউন্ডারির কাছে আসিফ আলী ভানুকার ক্যাচ নিতে যাচ্ছিলেন, কিন্তু শাদাব এসে আসিফের কনুইয়ে ধাক্কা দিলে বল চলে যায় মাঠের বাইরে। তখন ৫১ রান ছিল ভানুকার! তখনও ক্যাচটা হাতে জমাতে পারলে দ্রুত ফেরানো যেত লঙ্কানদের!
ফিল্ডিংয়ে খারাপ করলেও শাদাব বল হাতে চার ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট।
প্রবা/আরএম/এমজে