প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১১:০৮ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১১:১১ এএম
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যস্ত সময় পার করলেও স্টোকসের ভাবনায় শুধুই অ্যাশেজ টেস্ট। জুনে ঘরের মাঠে ৫ ম্যাচের অ্যাশেজ সিরিজে কেমন উইকেট চান সেটিই আইপিএলের এক ফাঁকে জানিয়েছেন ইংলিশ টেস্ট অধিনায়ক। ইতোমধ্যেই পিচ কিউরেটরদের সেই মতো কাজে লেগে পরার নির্দেশ দিয়ে রেখেছেন তিনি।
আরও পড়ুন : জমে উঠেছে সুপার লিগে ওঠার লড়াই
গত বছর স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করে টেস্ট ক্রিকেটের ধরন। আক্রমণাত্মক ব্যাটিং ও আগ্রাসী মানসিকতার কৌশল বেছে নিয়েছে ইংল্যান্ড। ম্যাককালামের ডাক নাম ‘বাজ’-এর সঙ্গে মিলিয়ে এটিকে বলা হয় ‘বাজবল’। যেই কৌশলে ম্যাককালাম-স্টোকস জমানায় ১২ টেস্টের ১০টিই জিতেছে ইংল্যান্ড। এই সময়ে তাদের দলীয় রানরেট ৪.৭৬। অ্যাশেজ টেস্টেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্টোকসের দল। এমনটাই জানিয়েছেন ইংলিশ অধিনায়ক।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্টোকস বলেন, ‘আমাদের চিন্তাভাবনায় আমরা খুবই পরিষ্কার, বিশেষ করে ইংল্যান্ডজুড়ে মাঠকর্মীদের সঙ্গে আলোচনায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোন ধরনের উইকেট আমরা চাই। তারাও আমাদেরকে দারুণভাবে সাড়া দিয়েছেন, যা খুব ভালো ব্যাপার। আমরা গতিময় ও ফ্ল্যাট উইকেট চাই। আমরা ২২ গজে গিয়ে দ্রুত রান তুলতে চাই। এতে অবশ্য তারাও (অস্ট্রেলিয়া) ম্যাচে খুব ভালোভাবে থাকবে। গতিময় উইকেটে বোলিংয়ের সুযোগ পেলে তারাও সেটা নিয়ে খুশি থাকবে।’
শুধু রান তোলাই নয়, স্টোকসের ভাবনায় আছে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়াও। তার পরিকল্পনায় তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে বোলিংও, ‘আমার মনে হয় শুরুর একাদশ বা কাছাকাছি কী হবে, তা এখন জানা আছে আমার। ৯০ মাইল গতিতে বল করতে পারে, এমন বোলারদের যেকোনো অধিনায়কই চান। প্রথম টেস্ট যখন আসবে, আমি নিশ্চিত করতে চাইব সম্ভাব্য সেরা একাদশ যেন আমি বাছাই করতে পারি। বোলিং গ্রুপ নিয়ে, আমাদের মেডিকেল টিমকে আমি বলেছি যে, সব ম্যাচের জন্য ৮ জন বোলারকে প্রস্তুত রাখার সম্ভাব্য সেরা সুযোগ যেন আমাদের দেওয়া হয়। এই বছরের অ্যাশেজে ম্যাচগুলো খুব কাছাকাছি। প্রতি ম্যাচেই তাই এই সম্পদগুলো তৈরি দেখতে আগ্রহী আমি। এই মুহূর্তে আমি ২০ জনের স্কোয়াড বাছাই করতে পারি। আমরা এতটা ভাগ্যবান যে, আমাদের হাতে এতজন খুব ভালো ইংলিশ ক্রিকেটার এখন আছে।’