প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ২০:০৫ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ২১:১৮ পিএম
ওয়েস্ট ইন্ডিজের নারী টিমের সময়টা ভালো যাচ্ছে না মোটেই। ক্ষুরধার ফর্মটা কোথায় যেন হারিয়ে ফেলেছে তারা। ক্রিকেটাররা আটকে পড়েছেন যেন হারের দুষ্টু চক্রে। দলের বাজে পারফরম্যান্সের জন্য চাকরিটাই হারালেন কোর্টনি ওয়ালশ। চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ ছিল উইন্ডিজ নারী দলের এ প্রধান কোচের সামনে। কিন্তু ধুঁকতে থাকা দলে নতুন প্রাণের সঞ্চার এনে দিতে তার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। শুধু কোর্টনি ওয়ালশ নয়, একই ভাগ্যবরণ করেছেন দুই সহকারী কোচ রবার্ট স্যামুয়েলস ও কোরে কলিমোরও।
আরও পড়ুন - নারীদের জন্য বাফুফের চাই আরও ২.৫ কোটি, চাইবে সরকারের কাছে
২০২০ সালের অক্টোবরে ক্যারিবিয়ান মেয়েদের দায়িত্ব কাঁধে তুলে নেন বাংলাদেশের সাবেক এ পেস বোলিং কোচ। উত্তরসূরি হন কোচ গাস লোগির। অবশ্য শুরুতে কোর্টলি ওয়ালশ ছিলেন দলের সহকারী কোচ। মাশরাফি-মুস্তাফিজদের সাবেক এ ক্রিকেট গুরু মেয়েদের কোচ হতেই দৃশ্যপট পাল্টে যেতে থাকে। চেনা রূপ হারিয়ে অচেনা হয়ে পড়ে উইন্ডিজ কন্যারা। তার সময়কালে ২৪টি টি-টোয়েন্টি খেলে মাত্র সাত ম্যাচে জয়ের দেখা পায় ক্যারিবিয়ান মেয়েরা। আর ৩২ ওয়ানডেতে জয় ধরা দিয়েছে মাত্র ১১টি। দলের উল্লেখযোগ্য পারফরম্যান্স বলতে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ জয়। আর ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নক-আউট পর্বেই নাম লেখাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আসরের জয় বলতে মাত্র দুটি। সে আবার গ্রুপপর্বে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে।
সিডব্লিউআইর ক্রিকেট ডিরেক্টর জিমি অ্যাডামস জানিয়েছেন, আমাদের আন্তর্জাতিক নারী প্রোগ্রামে সিডব্লিউআই প্রতিশ্রুতিবদ্ধ। নতুন প্রধান কোচ ও টেকনিক্যাল সাপোর্ট টিম নিয়োগের জন্য এখন কাজ করবে বোর্ড। একটি অস্থায়ী আপৎকালীন টিম নতুন নিয়োগের আগ পর্যন্ত কাজ করে যাবে।’