প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৯:২৯ পিএম
আর্থিক সঙ্কটের কারণে বাংলাদেশ নারী ফুটবল দলকে অলিম্পিক বাছাইপর্ব খেলতে মিয়ানমারে পাঠানো হয়নি বাফুফের। এরপর থেকে তোপের মুখেও কম পড়েনি বাফুফে। যুব ও ক্রীড়া মন্ত্রী তো এ বিষয়ে বাফুফের সদিচ্ছার অভাবও দেখতে পেয়েছিলেন।
ঠিক এমন পরিস্থিতিতেই আরও এক সফর নারী ফুটবলারদের সামনে। চলতি মাসে সিঙ্গাপুরে অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার কথা দলের। তবে এটাই চলতি বছর দলের শেষ টুর্নামেন্ট নয়। আরও অনেক সফর আছে নারীদের সিনিয়র আর বয়সভিত্তিক দলগুলোর। সেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডেকেছিল জরুরি সভা। সেখানেই উঠে এসেছে বাফুফের তহবিলে ঘাটতির বিষয়টি।
বাফুফে জানিয়েছে ২.৫ কোটি টাকার ঘাটতি আছে নারী দলের জন্য। সে ঘাটতি মেটাতেই বাফুফে দ্বারস্থ হবে সরকারের।
আজ বাফুফেতে এই জরুরি সভার সভাপতিত্ব করেন কাজী সালাউদ্দিন। তা শেষে বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক প্রেস ব্রিফিংয়ে জানান বিষয়টি। তার কথা, ‘(এই সভায়) মেয়েদের ফুটবলে সূচি, টুর্নামেন্টে অংশ নেওয়ার আর্থিক বিষয়গুলো উঠে এসেছে। ফিফা-এএফসি ও স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ছাড়াও যে ঘাটতি থাকে তা দ্রুত বাজেট তৈরি করে বোর্ডে আবার আলোচনা করে প্রয়োজনে এই অর্থ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চাইবো। যেন ভবিষ্যতে সমস্যা না হয়।’
আতাউর রহমান ভূঁইয়া জানান, সব মিলিয়ে বাফুফের ঘাটতির অঙ্কটা বেশ বড়। আড়াই কোটি টাকার এই ঘাটতি পোষাতেই আবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারস্থ হবে বাফুফে। ‘ভবিষ্যতে যেন সমস্যা না হয়’ সে কারণেই আগেভাগে সে অর্থের সংস্থান নিশ্চিত করতে চাইছে বাফুফে।