প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৯:২০ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৯:২১ পিএম
বার্সাকে বিদায় বলতে গিয়ে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাবটি তার কাছে নিজের ঘরের মতো। পিএসজিতে খেলার ফাঁকে একটু ছুটি মিললেই ঘুরে যান প্রিয় কাতালোনিয়া শহর থেকে। তবে এবার শোনা যাচ্ছে পিএসজি ছেড়ে একেবারেই বার্সায় ফিরতে পারেন মেসি। আসছে মৌসুমেই বার্সার জার্সিতে বল নিয়ে ছুটতে দেখা যেতে পারে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে। মেসির সেই ছুটে চলায় সঙ্গী হতে চান পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কি। সুযোগ পেলে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষকে চোখ রাঙাতে চান তিনি।
আরও পড়ুন - ওসমান দেম্বেলে : ইসলামের ধ্রুবতারা
সম্প্রতি বার্সেলোনার সহ-সভাপতি রাফায়েল ইউস্তে বলেছেন, তিনি মেসিকে আবার বার্সেলোনায় দেখতে চান এবং রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে ফেরাতে তারা সঠিক পথের সন্ধান করছেন। এবার তার সঙ্গে সুর মিলিয়েছেন লেভান্ডোভস্কি। সাবেক এই বায়ার্ন তারকা মেসির সঙ্গে মাঠে নামতে মুখিয়ে আছেন। বলেন, ‘মেসি বার্সার অংশ এবং তিনি যদি ফিরে আসেন, তবে সেটা অসাধারণ ব্যাপার হবে। আমরা জানি যে, বার্সেলোনায় তার জায়গা রয়েছে। আমি জানি না কী ঘটবে, তবে আশা করি পরের মৌসুমে আমরা একসঙ্গে খেলতে পারব।’
কদিন আগেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে কোপা দেল রে থেকে ছিটকে যেতে হয়েছে বার্সাকে। তবে এসব নিয়ে না ভেবে লা লিগা শিরোপায় মনোযোগ দিতে চান লেভা। বলেন, ‘আমরা জানি যে সাম্প্রতিক বছরগুলোতে বার্সা লা লিগা জিততে পারেনি। তবে আমরা সঠিক পথেই আছি। আমরা (লা লিগার) শিরোপা জিতলে অনেক খেলোয়াড়ের আত্মবিশ্বাস বাড়বে। আমরা সবাই উন্নতির জন্য কাজ করছি। আমরা লা লিগায় মনোযোগ দিচ্ছি এবং এখনও পয়েন্ট জেতার বাকি আছে। তবে আমরা মাদ্রিদের সঙ্গে পার্থক্য নিয়ে ভাবছি না। আমাদের গোল করতে হবে এবং সমর্থকদের খুশি করতে হবে। আমি ও আমার সতীর্থরা শিরোপা জেতার জন্য কঠোর পরিশ্রম করছি।’