প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৬:২৫ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৬:৫২ পিএম
আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও যুক্তরাষ্ট্রের আসিফ খানকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেছেন তিনি।
মার্চে বাংলাদেশের জার্সিতে ১২ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। এই সময়ে তার ব্যাটে ৩৫৩ রানের পাশাপাশি ছিল ১৫ উইকেট। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের বড় ভূমিকা ছিল তার।
ইংল্যান্ডের বিপক্ষে ২৪ বলে ৩৪ রানের দারুণ এক ইনিংস ছিল তার। এ ছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ৯৩ রানের ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২৪ বলে ৩৮ রানের ইনিংসের পাশাপাশি ছিল ৫ উইকেট।
আইসিসির মাসসেরা নির্বাচিত হয়ে সাকিব বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। যারা আমাকে ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ।’