প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ২৩:৫০ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ২৩:৫৭ পিএম
বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেটার তুলে আনতে প্রতি বছরই আয়োজন করা হয় স্কুল ক্রিকেট। স্কুল ক্রিকেট থেকে তুলে আনা প্রতিভাবানদের নিয়ে গড়া দলকে এবার মুম্বাইয়ে খেলতে নিয়ে যাচ্ছে বিসিবি। এর আগে এই দলটিই গিয়েছিল আসাম সফরে। দলটির মুম্বাই সফরের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন আবু ইমাম মোহাম্মদ কাওসার। ভারতের মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দলটি।
আরও পড়ুন : ভারতে যাচ্ছে স্কুল ক্রিকেট দল
মুম্বাইয়ের বিখ্যাত শচীন টেন্ডুলকার জিমখানা গ্রাউন্ডে হবে ম্যাচগুলো। মূলত এই মাঠে ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল ক্রিকেটার শচীনের। ওই ঐতিহাসিক মাঠে খেলার সুযোগ পাচ্ছেন খুদে ক্রিকেটাররা। এ ছাড়া মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শচীন টেন্ডুলকারের সঙ্গে একটি বিশেষ সেশন আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি।
দলটির দ্বিতীয়বারের মতো ভারত সফর হবে এটি। এর আগে গত বছরের জুলাইয়ে আসাম সফর করেছিল তারা। সেখানে আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল। ওই সফরে আসাম অনূর্ধ্ব-১৬ দলকে সাদা পোশাকের সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। এবারও ওই রকম কিছুই আশা করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাওসার।
আগামী ২৬ এপ্রিল শুরু হবে এই সিরিজ। সিরিজের আগে কবে নাগাদ দলটি দেশ ছাড়বে সেটা অবশ্য এখনও নিশ্চিত করেননি। আগামী ১২ মে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে এই সিরিজটি শেষ হবে। এই সিরিজ সামনে রেখে বিকেএসপিতে চলছে দলটির ক্যাম্প। ভারত সফরের দল কবে ঘোষণা করা হবে সেটা অবশ্য নিশ্চিত করেননি বিসিবির এই কর্মকর্তা।