প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৬ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৮ পিএম
গ্র্যান্ড স্ল্যাম শিরোপা হাতে স্পেনের কার্লোস আলকারাজ।
জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে সর্বকনিষ্ঠ পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর র্যাঙ্কিং নিশ্চিত করেছেন ১৯ বছর বয়স্ক স্পেনের কার্লোস আলকারাজ। রবিবার ইউএস ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৬-৪, ২-৬, ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন এই তারকা।
এই সাফল্যে আলকারাজ বলেছেন, ‘এটা এমন একটা প্রাপ্তি যা আমি ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখেছিলাম। এটি এমন কিছু যার জন্য আমি সত্যিই কঠোর পরিশ্রম করেছি। এই মুহূর্ত ব্যক্ত করা কঠিন।’
আলকারাজ, যিনি নিউইয়র্কে দুই সপ্তাহের টুর্নামেন্টে তার অ্যাক্রোবেটিক খেলা দিয়ে ভক্তদের রোমাঞ্চিত করেছিলেন।
১৯৭৩ সালে এটিপি র্যাঙ্কিং শুরু হওয়ার পর থেকে তিনি সর্বকনিষ্ঠ নাম্বার ওয়ান।
আলকারাজের শিরোপা জয়ের পথটি বেশ কঠিন ছিল। শুধু তাই নয়, একটি একক গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টে কোর্টে সবচেয়ে বেশি সময় কাটানোর রেকর্ডটিও এখন তার দখলে।
আলকারাজ বলেন, ‘আমি সবসময়ই বলি, গ্র্যান্ড স্ল্যাম বা যেকোনো টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে ক্লান্ত হওয়ার সুযোগ নেই। আপনার ভেতরে যা আছে তা আপনাকে ঢেলে দিতে হবে।’
সহকর্মী স্প্যানিয়ার্ড নাদাল আলকারাজকে অভিনন্দন জানিয়ে টুইট বার্তায় লিখেছেন, ‘অভিনন্দন কার্লোস আলকারাজ, আপনার প্রথম গ্র্যান্ড স্ল্যামের জন্য এবং এক নম্বরে চলে আসার জন্য। এটি আপনার দুর্দান্ত মৌসুমের সমাপ্তি।’
প্রবা/জিজি/এমজে