প্রবা প্রতিবেক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৩:২০ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৩:৪০ পিএম
আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শেষ হতে না হতেই ঘোষিত হয়েছে ফিরতি সিরিজের দল। দ্বিপক্ষীয় সিরিজের দলের চেয়ে বিসিবির নির্বাচকদের বেশি মাথাব্যথা বিশ্বকাপ দল নিয়ে। বছরের মাঝামাঝি অনুষ্ঠেয় এশিয়া কাপের আগে বিশ্বকাপের দল প্রস্তুত করে ফেলবেন। এর জন্য চলছে সব ধরনের পরীক্ষানিরীক্ষাও।
বিশ্বকাপের দল তৈরিতে ইতোমধ্যে একটি ক্রিকেটার পুল তৈরি করেছেন নির্বাচকরা। জাতীয় দল ও আশপাশে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সে চোখ আছে তাদের। এ নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা একটা পুল করেছি। সেখানে কিছু খেলোয়াড়কে সুযোগ দিয়েছি। আশা করি এশিয়া কাপের আগেই বিশ্বকাপের দলটা করে ফেলব। এর আগে আমরা খেলোয়াড়দের সব ধরনের পারফরম্যান্স বিবেচনা করব। কাউকে চোখের আড়াল করা হবে না।’
ক্রিকেটারদের পুল তৈরি করায় নতুনদেরও বাজিয়ে দেখবেন নির্বাচকরা। এজন্য আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজে বিশ্রামে থাকতে পারেন অভিজ্ঞ অনেক ক্রিকেটার। ‘অবশ্যই অনেক খেলোয়াড়কে আমাদের পরিকল্পনার মধ্যে রেখেছি। সবাইকে মনিটরিং করা হচ্ছে। এর মধ্যে কিছু কিছু খেলোয়াড়কে ছুটি দিয়েছি কিছু সিরিজের জন্য।’Ñ যোগ করেন নান্নু।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজের আগেই এ আসরে সরাসরি খেলার সুযোগ মিলেছে বাংলাদেশের।