প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ০৯:০৮ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১০:৫৭ এএম
‘ফুটবল খেলাটা খুবই সহজ। এখানে ২২ জন বলের জন্য লড়াই করে। দিন শেষে জেতে জার্মানি।’– কথাটা গ্যারি লিনেকার বলেছিলেন জার্মানদের নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রসঙ্গ এলে জার্মানির জায়গায় যদি বসুন্ধরা কিংসের নাম বসিয়ে দেওয়া যায়, তাহলে খুব একটা ভুল বলে দেওয়া হয় না। প্রিমিয়ার লিগে আসার পর থেকে এ পর্যন্ত যতবার খেলেছে এই টুর্নামেন্টে, করোনায় বাতিল একটা মৌসুম বাদে জিতেছে ততবারই। এবারও দেখা মিলছে একই দৃশ্যের। লিগের মাঝপথেই রীতিমতো আর সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বসুন্ধরা!
চলতি লিগে বসুন্ধরা খেলেছে এখন পর্যন্ত ১১ ম্যাচে। তার দশ ম্যাচ শেষেই জয়ের হাসি ছিল কোচ অস্কার ব্রুজনের মুখে। সে ধারায় ছেদ পড়েছে সবশেষ ম্যাচে এসে। এএফসি উত্তরার বিপক্ষে শেষ সময় গোল হজম করে নিশ্চিত জয় হাতছাড়া করে দলটি। বসুন্ধরাকে সন্তুষ্ট থাকতে হয় ড্র নিয়ে।
১০ ম্যাচে জয় ও একটিতে ড্র। লিগের মাঝপথে এমন বাহারি পারফরম্যান্স দেখে বসুন্ধরা কিংসের সমর্থকরা এখন বলতেই পারে- মিশন সাকসেস প্রায়!
লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সঙ্গে বসুন্ধরার পার্থক্য বিশাল। বসুন্ধরা কিংসের পয়েন্ট যেখানে ১১ ম্যাচে ৩১, আবাহনী সেখানে সমান ম্যাচে তুলে নিয়েছে মোটে ২৪ পয়েন্ট। ১১ দলের লিগে সাত পয়েন্টের লিড হারানোটা প্রায় অসম্ভব গোছের কিছুই।
বসুন্ধরা আর আবাহনীর পরের তৃতীয় স্থানটার জন্য লড়াই আবার বেশ জমজমাট। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে জামাল ভূঁইয়ার শেখ রাসেল। ১৬ পয়েন্ট নিয়ে তার ঠিক পেছনেই আছে পুলিশ এফসি।
মৌসুমের শুরুর পর্বটা ভালো না কাটলেও মোহামেডান স্পোর্টিং ক্লাব দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতই দিচ্ছে। শনিবার মুক্তিযোদ্ধা সংসদকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। সেই জয়ে ১১ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট জমা পড়েছে তাদের ঝুলিতে। দলটি আছে তালিকার পাঁচে।
শেখ জামালের মৌসুমটা ভালো কাটছে না মোটেও। এ পর্যন্ত তাদের অর্জনও মোহামেডানের সমান, ১৫ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে মোহামেডানের পেছনে অবস্থান করছে কোচ মারুফুল হকের দল শেখ জামাল। ১২ পয়েন্ট নিয়ে পরের অবস্থান ফর্টিসের।
তার পরের দুই অবস্থান রহমতগঞ্জ আর মুক্তিযোদ্ধার। দুটো দলের সংগ্রহই ১০টি করে পয়েন্ট। অবনমন অঞ্চলে আছে চট্টগ্রাম আবাহনী ও এএফসি উত্তরা। ৮ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনীর অবনমন উতরে যাওয়ার সম্ভাবনা থাকলেও তেমন কিছু উত্তরার পক্ষে করার সম্ভাবনা ক্ষীণ, ১১ ম্যাচ শেষে তাদের অর্জন যে মোটে ৩ পয়েন্ট!
লিগের শীর্ষে যেমন যথারীতি বসুন্ধরার রাজত্ব, আরও একটা চিরচেনা দৃশ্য দেখা যাচ্ছে লিগের সেরা গোলদাতার তালিকায়। শীর্ষ পাঁচে যে যথারীতি বিদেশিদেরই দাপট! দুই হ্যাটট্রিকসহ ৯ গোল করে তালিকায় সবার ওপরে আছেন সুলেমান দিয়াবাতে, তার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন বসুন্ধরার ডরিয়েলটন গোমেজ ও শেখ জামালেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। শেখ রাসেল ফরোয়ার্ড এমফোন উদোহ ৮ গোল করে দখল করেছেন পরের জায়গাটা। ৭ গোল করে তালিকায় সবেধন নীলমণি বাংলাদেশি হচ্ছেন এলিটা কিংসলে।
হ্যাটট্রিকের তালিকায় অবশ্য জয়জয়কার বাংলাদেশিদেরই। লিগে এ পর্যন্ত হ্যাটট্রিক করেছেন তিনজন, তার দুইজনই বাংলাদেশি। সংখ্যার বিচারে অবশ্য সমতা আছে দেশি-বিদেশির মাঝে। দুই পক্ষই গোল করেছে দুটো করে। আবাহনীর এলিটা কিংসলে ও ফয়সাল আহমেদ ফাহিম হ্যাটট্রিক করেছেন একটি করে। আর মোহামেডানের সুলেমান দিয়াবাতে একাই করেছেন দুটি হ্যাটট্রিক।
পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয়/ড্র/হার পয়েন্ট
বসুন্ধরা কিংস ১১ ১০/১/০ ৩১
আবাহনী ১১ ৭/৩/১ ২৪
শেখ রাসেল ১১ ৫/২/৪ ১৭
পুলিশ ১১ ৪/৪/৩ ১৬
মোহামেডান ১১ ৪/৩/৪ ১৫
শেখ জামাল ১১ ৩/৬/২ ১৬
ফর্টিস ১১ ২/৬/৩ ১২
রহমতগঞ্জ ১১ ২/৪/৫ ১০
মুক্তিযোদ্ধা ১১ ৩/১/৭ ১০
চট্ট. আবাহনী ১০ ১/৫/৪ ৮
এএফসি উত্তরা ১১ ০/৩/৮ ৩