প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ০০:১৪ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ০০:১৭ এএম
কাঁধের ইনজুরি নিয়েই বিপিএলে খেলেছিলেন শেখ মাহেদি হাসান। ইনজুরির কারণে মেডিকেল বিভাগ থেকে ম্যাচ না খেলার নির্দেশ ছিল। সেই নির্দেশ উপেক্ষা করে প্লেঅফে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন দুই ম্যাচ। এরপর ইনজুরির কারণে আর মাঠে নামতে পারেননি। অপেক্ষা ছিলেন মাঠে ফেরার। অবশেষে ওই ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অনুমতি মিলেছে তার।
আরও পড়ুন : জাহানারা-জ্যোতিদের ছাড়াই শুরু নারী দলের ক্যাম্প
বিসিবির মেডিকেল বিভাগ থেকে নিষেধাজ্ঞার পরও খেলায় মাহেদিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল বিসিবি। যদিও তাকে বড় ধরনের কোনো শাস্তি দেওয়া হয়নি। কাজ করেছেন ফিজিওদের সঙ্গে। বিপিএলের পর ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে কাজ করেন। সেখানে সুস্থ হওয়ার পরই খেলার সুযোগ মিলল তার।
এই নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘মাহেদির এখন কোনো সমস্যা নেই। উন্নতি করেছে। ইনজুরি বোলিং হাতে ছিল না, তাই সমস্যা হওয়ার কথা না। সে খেলতে পারবে।’
আজ প্রাইম ব্যাংকের হয়ে তার মাঠে নামার কথা রয়েছে। বিকেএসপির চার নম্বর মাঠে দলটির প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ।