প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৫:১৭ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১৫:১৮ পিএম
আইপিএলে শনিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের মাঠে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখেই টপকে যায় ধোনির দল। বল হাতে রবীন্দ্র জাদেজার পর ব্যাটিংয়ে ঝলক দেখিয়ে দলকে আসরে দ্বিতীয় জয় এনে দিয়েছেন অজিঙ্কা রাহানে। ব্যাট হাতে এদিন ২৭ বলে ৩ ছয় ও ৭ চারে ৬১ রান করেন তিনি। ম্যাচ শেষে বিধ্বংসী ব্যাটিংয়ের কারণ জানাতে গিয়ে ধোনি বন্দনায় মাতেন রাহানে।
মুম্বাই-চেন্নাই দ্বৈরথে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানায় ধোনি। শুরুতে ব্যাট করতে এসে ঝড়ো শুরু পায় মুম্বাই। পাওয়ার প্লের পরপরই ম্যাচে ফিরতে শুরু করে চেন্নাই। বড় ইনিংস খেলতে পারেননি মুম্বাইয়ের কোনো ব্যাটার। দলীয় সর্বোচ্চ ৩২ রান আসে ঈশান কিষানের ব্যাট থেকে। নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় ১৫৭ রান জমা করে মুম্বাই। চেন্নাইয়ের হয়ে ২০ রান খরচায় ৩ উইকেট শিকার করেন জাদেজা।
জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় চেন্নাই। রানের খাতা না খুলেই ফিরে যান ডেভন কনওয়ে। এরপর ঋতুরাজকে নিয়ে ইনিংস টেনে নেন অজিঙ্কা রাহানে। ঋতুরাজ দেখেশুনে খেললেও এদিন বেশ আক্রমণাত্মক ছিলেন রাহানে। ২৭ বলে ৬১ রান করে আউট হওয়ার আগে দলকে জয়ের ভিত গড়ে দিয়ে যান তিনি। ঋতুরাজের ব্যাট থেকে আসে ৪০ রান। বাকি কাজটুকু করেন আম্বতি রায়ডু। তার ১৬ বলে ২০ রানে ভর করে আসরে নিজেদের দ্বিতীয় জয় পায় চেন্নাই।
এমন বিধ্বংসী ইনিংসে ম্যাচ জয়ের রাহানে বলেন, ‘আপনি যখন ১৫০ বা ১৬০ রান তাড়া করছেন, তখন প্রথম ছয় ওভারে অভিপ্রায়ের সাথে ব্যাট করা গুরুত্বপূর্ণ। আপনি যদি ভাল শুরু পান তবে এটি সত্যিই সহজ হয়ে যায়। প্রত্যেক খেলোয়াড়ই আলাদা। আমি অন্য কেউ হতে চাই না; আমি শুধু অজিঙ্কা রাহানে হতে চাই। আমি যেভাবে জানি আমি কীভাবে খেলি। আমি শুধু নিজেকে ব্যাক করতে চাই। আমি কখনই অন্য কেউ হওয়ার চেষ্টা করিনি। নিজেকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমি যদি শুধু অজিঙ্কা রাহানে হতে পারি এবং অজিঙ্কা রাহানের মতো খেলতে পারি, আমি মনে করি আমি ভালো থাকব।’
ধোনিকে নিয়ে রাহানে বলেন, ‘আইপিএল শুরু হওয়ার আগে একটি দল হিসেবে আমাদের যে প্রস্তুতি ছিল... আমরা ২ মার্চ চেন্নাইতে এসেছিলাম। মাহি ভাই (ধোনি) সেখানে ছিলেন এবং তার কাছ থেকে নির্দেশনাগুলি বেশ সহজ ছিল: ভিন্ন কিছু করার চেষ্টা করার চেয়ে আপনার শক্তিকে কাজে লাগান। মাহি ভাইয়ের নির্দেশ সম্পূর্ণ পরিষ্কার ছিল, শুধু উদ্দেশ্য নিয়ে খেলুন, নিজেকে পিছনে রাখুন, অন্য কিছু চেষ্টা করবেন না। আমার কাছে এমন শট আছে যা আমি যে কোনও মাঠে খেলতে পারি। তাই এটি আমার জন্য সহজ ছিল। আমি যে কোনো জায়গায় ব্যাট করতে পেরে খুশি।’