প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৩:৩৪ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৪:৩৫ পিএম
ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোতে না থেকেও ছিলেন মেসি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সার বিধ্বস্ত হওয়ার ম্যাচে খেলা শুরুর ১০ মিনিট হতেই মেসি মেসি ধ্বনিতে প্রকম্পিত হয় ন্যু ক্যাম্পের আকাশ। কাতালানরা এখনও মনেপ্রাণে চায় মেসি ফিরে আসুক তার প্রাণের ক্লাবে। এখানেই বুট জোড়া তুলে রাখুক মেসি। বার্সার সাবেক সভাপতি জোয়ান গ্যাসপার্টও কাতালানদের মেসিপ্রীতির কথা শুনিয়েছেন।
সদ্যই বিশ্বকাপ জিতেছেন মেসি। জাতীয় দলের জার্সিতে মধুর সময় পার করছেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু ক্লাব পিএসজির হয়ে দলকে নিয়ে যেতে পারেননি চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ আসরে। সে কারণেই মেসির প্রতি ক্ষোভ দলটির সমর্থকদের। কদিন আগেই পিএসজির ম্যাচ চলাকালে মেসিকে শিস বাজিয়ে বিদায়ের বাঁশি বাজিয়েছেন ক্লাবটির সমর্থকরা। বিষয়টি ভালো লাগেনি গ্যাসপার্টের।
তিনি বলেন, ‘মেসি যদি অর্থনৈতিক কারণের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, তাহলে তার কাছে অবশ্যই আরও ভালো অফার থাকবে। কিন্তু তিনি যদি তার মনের কথা শোনেন, তাহলে বিশ্বের এমন কোনো জায়গা নেই যারা তাকে বার্সেলোনার মতো চায়।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে ন্যু ক্যাম্পে মেসি মেসি ধ্বনি নিয়ে গ্যাসপার্ট বলেন, ‘এটি মেসিকে ভালোবাসার আরেকটি প্রদর্শন। প্যারিসে তারা মেসিকে শিস দেয়। এখানে আমরা তাকে ভালোবাসি।’
বার্সেলোনার প্রাক্তন প্রেসিডেন্ট মনে করেন, আর্জেন্টাইন ক্লাব যেখানে মেসি তার ক্যারিয়ার শুরু করেছিলেন সেখানেই তার ক্যারিয়ার শেষ করা উচিত, ‘তিনি তার ক্যারিয়ার এখানেই শেষ করতে পারেন এবং সারা জীবন ক্লাবে থাকতে পারেন। অর্থের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ক্লাবটিতে তার সেরা মুহূর্তে নেই, কিন্তু এখন তার কাছে অনেক বিকল্প আছে। মেসি বার্সার থেকে এমন কিছু প্রাপ্য ছিল যা আমরা তাকে দিতে পারিনি। এটা সত্যিই দুঃখজনক, একজন দুর্দান্ত খেলোয়াড় চলে যাচ্ছে। আমরা তাকে যা দিতে সম্মত হয়েছিলাম তা পূরণ করতে পারিনি।’