প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১২:২৫ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১২:৫৭ পিএম
টেস্ট ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে ১ বল হাতে রেখে ৪ উইকেটের নাটকীয় জয় পেয়েছে কিউইরা।
শনিবার কুইন্সটাউনে শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে কিউইদের ১৮৩ রানের টার্গেট ছুড়ে দেয় শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে টিম সেইফার্টের ঝড়ে জয়টা নাগালে নিয়ে এসেছিল স্বাগতিকরা। কিন্তু নাটকীয়তা আর রোমাঞ্চ ছড়ায় শেষ ওভারটিতে। ম্যাচ জিতলে শেষ ৬ বলে ১০ রান করতে হতো কিইউদের। লাহিরু কুমারার প্রথম বলে ছক্কা হাঁকিয়ে কাজটা সহজ করে ফেলে চাপম্যান। এর পরই টানা ৩ বলে ৩টি উইকেট তুলে নেন লাহিরু। ম্যাচ জমে যায়। কিন্তু শেষ পর্যন্ত জয়বঞ্চিত রাখা যায়নি কিউইদের। ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা। এ জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ কিউইরা জিতে নিল ২-১ ব্যবধানে।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে সুপার ওভার থ্রিলারে হেরেছিল স্বাগতিকরা। পরে দ্বিতীয় ম্যাচে অ্যাডাম মিলনের দুর্দান্ত বোলিং ও সেইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে জিতে সিরিজে সমতা টানে নিউজিল্যান্ড।
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে সেইফার্ট ঝলক। ৪৮ বলে ৮৮ রান করে আউট হওয়ার আগে জয়ের ভিত গড়ে দিয়ে যান এই ব্যাটার। কিউইদের জয়ের পথে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে।
এর আগে শুরুতে ব্যাট করে কুশল মেন্ডিসের ৭৩ ও কুশল পেরেরার ৩৩ রানে ভর করে ৬ উইকেট খরচায় কিউইদের ১৮৩ রানের লক্ষ্য ছুড়েছিল সফরকারীরা।