× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় শিক্ষা নিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ২২:৩৩ পিএম

বড় শিক্ষা নিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড

টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে নিজের অভিষেকের রোমাঞ্চের কথা বলেছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। সাড়ে তিন বছর আগে খেলেছিলেন শেষ টেস্টটা, এত বড় সময় পর যে সে স্বাদ ভুলেই যাওয়ার কথা তার! নিজে তবু তিনটা টেস্টে খেলেছেন, দলের অনেকে যে তা-ও খেলেননি!

সেই আইরিশরাই মাঠের খেলায় বাংলাদেশের সঙ্গে লড়েছে চোখে চোখ রেখে। শেষমেশ জেতা হয়নি। তবে আইরিশ অধিনায়ক বালবার্নি বড় একটা শিক্ষা হিসেবেই দেখছেন ৭ উইকেটের এ হারকে।

আয়ারল্যান্ড অধিনায়ক এই হার থেকে অনেকগুলো কারণ খুঁজে বের করেছেন, যাতে ভবিষ্যতে উন্নতি করতে হবে দলকে। বললেন, ‘প্রথম ইনিংসে ব্যাট করছিলাম, এই ধরনের কন্ডিশনে আগে ব্যাট করতে নামলে ইনিংসটা বড় করতে হবে আপনাকে, বড় রান করতে হবে। ম্যাচে আপনার অবস্থানটা সহজ হয়ে যায় তাহলে। আমরা সেটা করতে পারিনি।’ প্রথম ইনিংসের কথা প্রসঙ্গে মুশফিকুর রহিমের ১২৬ রানের ইনিংসটা উঠে এলো। বালবার্নি জানালেন, উইকেটে থিতু হলে তা রূপ দিতে হবে ১০০-তে। 

এখানেই শেষ নয়। বালবার্নির দলে তো এমন ক্রিকেটারও আছেন, যাদের সাদা পোশাক গায়ে চড়ানোর অভিজ্ঞতাও সামান্য। ঢাকা টেস্ট থেকে সেটা তো অন্তত হলো! বললেন, ‘খেলোয়াড়রা এখন জানে টেস্ট ক্রিকেটের স্বাদটা কেমন, সারা দিন ধরে ফিল্ডিং করতে, ব্যাটিং করতে কেমন লাগে। এটা আমাদের কাজের সর্বোচ্চ ধাপ, সবচেয়ে কঠিন অংশটাও। আমরা ৩০-৪০টা প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটার হইনি, তাই চ্যালেঞ্জটা থাকবেই। সিরিজের ওয়ানডেটা ভালো কাটেনি আমাদের। তবে বেশ কিছু ভালো ওয়ানডে ক্রিকেটার আছে আমাদের, আমরা এটা দেখেছি। আমাদের স্কিল সেটও আছে। পাঁচ দিনের ক্রিকেটার হতে আমাদের সে স্কিল সেটটা একটু লম্বা করতে হবে এই যা।’

এই সিরিজটা খেলেই আইরিশরা পাড়ি জমাবে শ্রীলঙ্কায়। সেখানে দুটো টেস্ট খেলে বাড়ি ফিরবেন বালবার্নিরা। এই সিরিজের অভিজ্ঞতা দিয়ে শ্রীলঙ্কার মাটিতে ভালো কিছুর আশা দেখছেন তিনি। তার কথা, ‘উপমহাদেশে একটা টেস্ট খেলেছি, শ্রীলঙ্কা সিরিজের জন্য আমরা যতটা সম্ভব প্রস্তুত। যদি ওখানে আমরা দুই টেস্টের সিরিজে খেলতে যেতাম কোনো লাল বলের ম্যাচ খেলা ছাড়া, তাহলে কাজটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যেত, কারণ আমরা জানি শ্রীলঙ্কা নিজেদের কন্ডিশনে খুব ভালো দল। ছেলেরা খুব আত্মবিশ্বাসী। নতুন ছেলেদের কাছ থেকে আমরা খুব ভালো পারফরম্যান্স পেয়েছি। যদি আরও দুয়েকটা বিষয় ঠিকঠাক করতে পারি, তাহলে জয়ের চেষ্টাটা আরও ভালো করা যায়। আমরা জয়ের খাতা খুলতে মরিয়া, কিন্তু আমরা জানি আমাদের দ্রুত শিখতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা