প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ২০:৫৫ পিএম
ম্যাচ জিততে শেষ ওভারে আবাহনীর প্রয়োজন ৩ রান। বোলিংয়ে আসেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি। আটকে রাখতে পারেননি দারুণ ছন্দে থাকা আফিফ হোসেনকে। দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া আফিফ হোসেন। ৬২ বলে আফিফের অপরাজিত ৮০ রানে ভর করে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে আসরে অষ্টম জয়ের স্বাদ পায় ঐতিহ্যবাহী ক্লাবটি।
ফতুল্লায় এদিন টসে জিতে ব্যাটিংয়ে নামে মাশরাফির রূপগঞ্জ। পারভেজ হোসাইন ইমনের ৩৯ রানের পর সাব্বির রহমান ফিরে যান ৪৮ রানে। তবে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারতীয় চিরাগ জানি। ৬৩ বলে ৫৪ রান করে তিনি ফেরার পর মাশরাফি ৩ ছক্কায় ১৫ বলে ২৮ রান করেন। শেষ দিকে ২০ বলে ৫ ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে ৯ উইকেট খরচায় আবাহনীকে ২৮৭ রানের টার্গেট ছুড়ে রূপগঞ্জ।
জবাব দিতে নেমে এদিন ইনিংসটা লম্বা করতে পারেননি এনামুল বিজয়। ২৮ রানে সাজঘরে ফিরেন তিনি। তবে অন্যপ্রান্তে ব্যাট করতে নামা মোহম্মদ নাঈম দলকে জয়ের পথে রেখে যান ৭৬ রানের ইনিংস খেলে। মাঝে জাকের আলীর ৩১ ও মোসাদ্দেকের ২৮ রানে জয়ের পথেই ছিল আবাহনী। বাকি কাজটুকু মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে একাই করেন আফিফ। শেষ পর্যন্ত দলকে জিতেয়েই মাঠ ছেড়েছেন তারা। জয়ের পথে ৬২ বলে ৮০ রান আসে আফিফের ব্যাট থেকে। ২৩ বলে ২৬ রান করেন সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর:
রূপগঞ্জ: ২৮৬/৯, ওভার ৫০। ( ইমন ৩৯, সাব্বির ৪৮, জনি ৫৪, গাজি ৪৮; আজিজ ৪৩/৪)
আবাহনী: ২৮৯/৫, ৪৯.২ ওভার। (নাঈম ৭৬, আফিফ ৮০*; রাজিবুল ৫১/২)