প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৫:০২ পিএম
ফাইল ফটো
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন প্রশ্ন উঠেছিল কবে আইপিএলে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত আইপিএলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার জানা গেল, পারিবারিক কারণে আইপিএলে খেলতে যাননি তিনি। শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর নিজেই বিষয়টি জানান।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষে সংবাদ সম্মেলনে আসেন সাকিব আল হাসান। আইপিএলে যাওয়ার সুযোগ হাতছাড়া করায় হতাশ হলেও পরিবারকে আগে রাখতে চান সাকিব। সেই কারণেই আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
সাকিব আল হাসান বলেন, ‘অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর, ভারতে যেহেতু খেলা যদি যেতে পারতাম, তাহলে ভালো হতো। কিন্তু পারিবাবিক সমস্যা তো পারিবারিক সমস্যা।’
সংবাদমাধ্যমে জানানো হয়েছিল কলকাতা নাইট রাইডার্স থেকে সাকিবকে সরে যাওয়ার অনুরোধ ছিল। বিষয়টি খোলাসা করেননি সাকিব নিজেও। এই প্রশ্নের উত্তরে সাকিবের ভাষ্য ছিল, ‘পারিবারিক সমস্যা।’
আইপিএলে খেলতে না গেলে সাকিব ডিপিএলে মোহামেডানের জার্সিতে খেলবেন। তবে এই বিষয়েও সাকিব দেননি কোনো সদুত্তর। তিনি বলেন, ‘সেটা সময়ই বলে দিবে দেখি।’