প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ০২:০৮ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ০৫:০৭ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচেই নিউক্যাসলের বিপক্ষে হারতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। সঙ্গে এক ধাক্কায় পয়েন্ট টেবিলের তিন নম্বর থেকে নেমে যেতে হয়েছে পাঁচ নম্বরে। অবশ্য পরের ম্যাচেই ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়ে টেবিলে উন্নতি হয়েছে টেন হাগের দলের। সমান ২৮ ম্যাচে সমান ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নিউক্যাসলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রেড ডেভিলরা। নিউক্যাসল এগিয়ে শুধুই গোল ব্যবধানে।
আরও পড়ুন : নারী আম্পায়ার কটনের কীর্তি
ওল্ড ট্র্যাফোর্ডে এদিন শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে গিয়েছে রেড ডেভিলরা। সেই আক্রমণে ব্রেন্টফোর্ডের রক্ষণদুর্গ ভাঙে ম্যাচের ২৭ মিনিটে। মার্সেল সাবিতজারের বাড়ানো বল জালে জড়িয়ে রেড ডেভিলদের ম্যাচে এগিয়ে নেন মাকার্স রাশফোর্ড। ইউনাইটেডের চাপে নিজেদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিল অতিথিরা। ব্রেন্টফোর্ড রক্ষণের আশপাশে বল রেখে বারবার হুমকি তৈরি করছিল ইউনাইটেড। বিরতির একটু আগে ব্রেন্টফোর্ডকে ফের কাঁপিয়ে দেন রাশফোর্ড। তবে অতিথি গোলরক্ষকের দৃঢ়তায় সে যাত্রায় রক্ষা পায় ব্রেন্টফোর্ড।
বিরতির পরও দাপট ছিল ইউনাইটেডেরই। ৬৪ শতাংশ বলের দখল ছিল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির। তবে ব্যবধান বাড়ানো যায়নি আর। উল্টো বেশ কয়েকবার ইউনাইটেড গোলরক্ষকে পরীক্ষায় ফেলেছে ব্রেন্টফোর্ড, যদিও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি তারা।
ম্যাচের পর টেন হাগ জানিয়েছেন এ জয়টা কতটা গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য, ‘খুব গুরুত্বপূর্ণ জয়। আপনি যখন আন্তর্জাতিক বিরতির পরে হেরে যান, আপনাকে ফিরে আসতে হবে। আমরা তাই করেছি এবং ম্যাচে আমাদের ভালো পারফরম্যান্স ছিল। দ্বিতীয়ার্ধে যখন আমরা দ্বিতীয় গোলটি পাইনি, তখন ফুটবলারদের মধ্যে দৃঢ় সংকল্প, আবেগ এবং আকাঙ্ক্ষা দেখেছি; যা আমি আগের ম্যাচে পায়নি। আমি মনে করি প্রতিটি খেলায় আমাদের এটাই করতে হবে। রবিবার আমরা যা করেছিলাম তা গ্রহণযোগ্য নয়। আমরা জানি এটা ইউনাইটেডের স্ট্যান্ডার্ড নয়। তবে এ ম্যাচে আমি খুশি।’