প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৭:০৪ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৭:৩৩ পিএম
গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এই অর্জনে নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল বিসিবি। নানা জটিলতার পর বৃহস্পতিবার (৬ এপ্রিল) মিরপুরে পুরস্কারের অর্থ বুঝে নিতে মিরপুরে এসেছে চ্যাম্পিয়ন দলের তিন ফুটবলার।
বৃহস্পতিবার বিকাল ৪টার কিছু সময় পর মিরপুরে আসেন সাফজয়ী মেয়েরা। একটি সাদা মাইক্রোবাসে আসেন তারা। দলের সব ফুটবলার আসেননি। অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে ছিলেন ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার ও গোলরক্ষক রূপনা চাকমা। এ ছাড়াও দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমি এসেছেন।
এর আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অভিযোগ করেছিলেন, বিসিবির পুরস্কারের অর্থ সম্পর্কে জানেন না। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরে অবশ্য বাফুফের ওপর দোষ চাপান। অভিযোগ করেন, বাফুফে সময় দিচ্ছে না। পাপনের পর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, সময় দিলে যেকোনো মুহূর্তেই চেক হস্তান্তর করতে চায়। বৃহস্পতিবারই সেটা হলো।