খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৯ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২ ২০:১৪ পিএম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার হাতিরঝিলে প্রতিযোগিতাটি শুরু হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় দুটি ইভেন্ট—ছেলে ও মেয়েদের ২১ কিলোমিটার ম্যারাথন দৌড় এবং ১৪ কিলোমিটার সাইক্লিং। এ প্রতিযোগিতায় দেশের ১২৫টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এবারের ১২টি ইভেন্ট হলো--ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা, সাইক্লিং ও ব্যাডমিন্টন।
উদ্বোধনী দিনে ছেলেদের সাইক্লিংয়ে স্বর্ণপদক জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মার্কেটিং বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী নোবেল দে। তার হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
প্রবা/আরএম/এমআই