প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১২:১৩ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১২:৩১ পিএম
ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্টেও নিজেদের দাপটটা প্রত্যাশিতভাবেই ধরে রেখেছে বাংলাদেশ। একমাত্র টেস্টের প্রথম সেশনে তুলে নিয়েছে আয়ারল্যান্ডের ৩টি উইকেট। তাতে প্রথম সেশনটা খানিকটা স্বস্তি নিয়েই শেষ করেছে সাকিব আল হাসানের দল।
চলতি আয়ারল্যান্ড সিরিজে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। শুরুর পাঁচ ম্যাচেই টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক। শেষ টি-টোয়েন্টিতে সে বৃত্ত ভেঙে টস জেতেন সাকিব। তবে টেস্টে ফিরে আবারও টস হারল বাংলাদেশ। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি নিলেন ব্যাট করার সিদ্ধান্ত। ৭ জন অভিষিক্ত খেলোয়াড় নিয়ে নামে আয়ারল্যান্ড, বাংলাদেশ নামে তিন পেসার নিয়ে।
তবে মাঠে নামার পর টস জয়ের হাসিমুখটা আর থাকল না। পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম সফলতা এনে দেন শরিফুল ইসলাম, এলবিডব্লিউর শিকার করে ফেরান মারে কামিন্সকে। আরেক ওপেনার জেমস ম্যাককলামও টিকলেন না বেশিক্ষণ। ১০ম ওভারে তাকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরালেন এবাদত হোসেন।
জুটি গড়ে শুরুর সে ধাক্কাটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি আর হ্যারি টেক্টর। তবে দলীয় ৪৮ রানে তাইজুলের শিকার হয়ে বালবার্নি ফেরেন সাজঘরে।
তাইজুলের অফ স্টাম্পে করা ফুলার লেন্থের বলটা সুইপ করতে চেয়েছিলেন অ্যান্ড্রু বালবার্নি। তবে লাইনটা মিস করে গেলেন পুরোপুরি, বলটা গিয়ে আঘাত হানল তার প্যাডে। এলবিডব্লিউর আবেদন তুলতেই সাড়া দিলেন আম্পায়ার আলিম দার। রিভিউ করেও রক্ষা মিলল না আইরিশদের, আম্পায়ার্স কলে রিভিউটা রক্ষা পেল কোনোক্রমে। ৫০ বলে ১৬ রান করে সাজঘরমুখো হন বালবার্নি।
প্রথম সেশনে আর উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। ৩ উইকেট খুইয়ে ৬৫ রান তুলে সেশনটা শেষ করেছে আইরিশরা।