প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ০৯:৪২ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১১:৪৩ এএম
চলতি সফরে টস ভাগ্যটা অন্তত ভালো আয়ারল্যান্ডের। ওয়ানডে টি-টোয়েন্টি মিলিয়ে প্রথম পাঁচ ম্যাচে জিতেছিল টস। এক ম্যাচ বিরতি দিয়ে আবারও টস জিতেছে আইরিশরা। একমাত্র এই টেস্টে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি টস জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। বাংলাদেশকে নামতে হচ্ছে ফিল্ডিংয়ে।
আইরিশদের জার্সি গায়ে আট খেলোয়াড়ের অভিষেকের বিষয়টা নিশ্চিতই ছিল। হয়েছেও তাই। তবে পিটার মুরের অভিজ্ঞতা আছে টেস্টের। জিম্বাবুয়ের হয়ে সবশেষ ম্যাচটা আবার খেলেছিলেন এই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই।
আইরিশ দলে আট অভিষিক্ত ক্রিকেটার হলেন মারে কামিন্স, জেমস ম্যাককলাম, হ্যারি টেক্টর, পিটার মুর, কারটিস ক্যামফার, লরকান টাকার, গ্রাহাম হিউম, বেন হোয়াইট। শেষজন আবার ক্যারিয়ারে প্রথমবারের মতো নামছেন সাদা পোশাক গায়ে চড়িয়ে। ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘ পরিসরের ক্রিকেটের অভিজ্ঞতা নেই তার।
এদিকে বাংলাদেশ একাদশে তামিম ইকবালের থাকা নিয়ে সন্দেহ থাকলেও তিনি আছেন একাদশে। তার ওপেনিং সঙ্গী নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ নেমেছে তিন পেসার নিয়ে। খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেনকে নিয়ে গড়া হয়েছে পেস আক্রমণ।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ :
মারে কামিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কারটিস ক্যামফার, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম, বেন হোয়াইট, অ্যান্ড্রু ম্যাকব্রায়ান।