প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ০৪:১৮ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১১:৩৫ এএম
লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে ছিলেন কিলিয়ান এমবাপে, পিএসজির জার্সিতে পঞ্চাশতম ম্যাচে নেমেছিলেন লিওনেল মেসি। তারা দুজন তো বটে, তারকানির্ভর পিএসজি পুরোটা সময় ধুঁকেছে। ঘরের মাঠে শেষ পর্যন্ত হেরেও গেছে ক্রিস্তফ গালতিয়ের দল।
আরও পড়ুন : আবারও কোচ বরখাস্ত করল চেলসি
পার্ক দে প্রিন্সেসে বল দখল, আক্রমণ কিংবা গোলে শটে এগিয়ে থাকলেও মেসির মাইলফলক ছোঁয়া ম্যাচটি ১-০ গোলে হেরেছে পিএসজি। যদিও পয়েন্ট টেবিলের শীর্ষে এখনও প্যারিসের জায়ান্ট ক্লাব। লিওঁর হয়ে একমাত্র গোলটি করেছেন বারকোলা।
ঘরের মাঠে বল দখলে আধিপত্য দেখানো পিএসজি ২১ শটের ৫টি রাখে গোলমুখে। বিপরীতে লিগ টেবিলের ৯ নম্বরের দলটি ১৩টি শটের ৩টি রাখে লক্ষ্যে, গোল আসে একটিতে। সেটিই গড়ে দেয় জয়-পরাজয়ের ব্যবধান।
ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার। মেসি ও এমবাপেকে নিয়ে আক্রমণভাগ সাজান কোচ গালতিয়ের। কিন্তু পরপর দুই ম্যাচে নিষ্প্রভই থাকলেন এ দুই তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির জার্সিতে ৫০তম ম্যাচ খেলা মেসিও গড়ে দিতে পারেননি ব্যবধান।
লিওঁ একমাত্র গোলটি পেয়েছেন দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে। দূরের পোস্টে বাড়ানো পাস কোনাকুনি শটে দোন্নারুমাকে পরাস্ত করেন বারকোলা। শেষ পর্যন্ত পিএসজি হারে ওই ১ গোলের ব্যবধানেই।
পিএসজির আরেকটি হারে জমে উঠছে শিরোপা লড়াইও। ২৯ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখনও পিএসজি। সমান ৬০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রম লঁস ও মার্সেই। ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে লিওঁ।