প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৭:১২ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৯:৫৪ পিএম
বিশ্বকাপ জয়ের যুগপূর্তিতে দেশের মাটিতে আরও একটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। ঘরের মাঠের বৈশ্বিক আসরকে সামনে রেখে লোগো উন্মোচন করল আয়োজক ভারত ও আইসিসি। বিশ্বকাপের অফিসিয়াল লোগো প্রকাশ পেল আজ। তা আবার ভারতের বিশ্ব জয়ের বিশেষ দিন ২ এপ্রিলে। ২০১১ সালের ২ এপ্রিলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ এশিয়ার দেশটি।
আরও পড়ুন - প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত সাকিব
ক্রিকেট মহাযজ্ঞের দিনক্ষণ যত এগিয়ে আসছে, টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনা ততই একটু একটু করে বেড়েই চলেছে। এবারের বিশ্বকাপের অফিসিয়াল লোগোর নাম রাখা হয়েছে ‘নভরাসা’। ক্রিকেট অনুরাগীদের আবেগকে বিবেচনায় নিয়েই লোগোর নাম দেওয়া হয়েছে। লোগোতে জায়গা পেয়েছে ক্রিকেট ভক্তদের ৯টি অনুভূতি। আর তা হলো—আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় ও আবেগ।
বিশ্বকাপের রোমাঞ্চ মাঠে গড়াতে এখনও প্রায় ছয় মাস বাকি। তবে প্রকাশ হয়নি বিশ্বকাপের সময়সূচি। যদিও বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করার রীতি আইসিসির। কিন্তু এবার ভেঙেছে সেই রীতি। তবে টুর্নামেন্টের সম্ভাব্য দিনক্ষণ অবশ্য জানিয়ে রেখেছে বিশ্ব ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ হতে পারে আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বরে।