প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ০৪:০৪ এএম
অবনমন অঞ্চলের এলচের বিপক্ষে শীর্ষ স্থানের বার্সেলোনার লড়াই৷ প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে অবশ্য পয়েন্ট টেবিলের ব্যবধান প্রভাব ফেলেনি। দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়েছিল সফরকারীরা, একে একে গুনে গুনে দিয়েছে চার গোল। তাতেই লিগের ম্যাচটিতে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়েও গেছে বার্সেলোনা। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে বাড়িয়েছে ১৫ পয়েন্টের ব্যবধান। ম্যাচে জোড়া গোল করেছেন লেভান্ডোভস্কি। জালের দেখা পেয়েছেন আনসু ফাতি ও ফেররান তরেস।
???? Robert Lewandowski is the top ice-breaker in La Liga this season, having opened the scoring seven times, more than any other player. ????⛏️ pic.twitter.com/L9NdV6T6sl
— FC Barcelona (@FCBarcelona) April 1, 2023
বল দখলে রেখে শুরু থেকেই এলচেকে চেপে ধরে বার্সেলোনা। কিন্তু স্বাগতিকদের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না কাতালান ক্লাবটি। ২০ মিনিটে লেভা এগিয়ে দেয় দলকে। আলানসোর হেডে পাওয়া বল ডান পায়ের শটে জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার।
বিরতির পর আসে ম্যাচের দ্বিতীয় গোল। ৫৬ মিনিটে ফেররান তরেসের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন ফাতি। দশ মিনিট পর গাভির অ্যাসিস্টে জোড়া গোল করেন লেভা। পরে ৭০ মিনিটে তরেসকে দিয়ে ম্যাচের চতুর্থ গোল করান লেভান্ডোভস্কি।
২৭ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫১।