খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৯ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:১০ পিএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়ান ব্যাটিং গ্রেট ম্যাথু হেইডেনকে ফের কোচিং স্টাফে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হেইডেন কাজ করবেন টিম মেন্টর হিসেবে।
গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের সঙ্গে ছিলেন হেইডেন। সেবার সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলো জিতেছিল বাবর আজমের দল, কিন্তু সেমিফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে।
ওই আসরের জন্য বোলিং কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডারকেও। পিসিবি জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন হেইডেন। বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলে ওই দিন ক্রাইস্টচার্চ থেকে অস্ট্রেলিয়ায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল।
গত বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত যেতে দলকে অনুপ্রাণিত করায় আবারও হেইডেনকে ফেরানো হয়েছে বলে পিসিবি জানায়। আর অস্ট্রেলিয়ান কন্ডিশন সম্পর্কেও তার কাছ থেকে অনেক কিছু জানা যাবে।
বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা বলেন, পাকিস্তান দলে হেইডেনকে আবারও স্বাগত জানাই। তিনি বিশ্ব স্বীকৃত একজন পারফর্মার হিসেবে প্রমাণিত। অস্ট্রেলিয়ান কন্ডিশন সম্পর্কে তার জ্ঞাণের ভান্ডার রয়েছে। আমি আত্মবিশ্বাসী আমাদের প্রতিভাবান ক্রিকেটারদের বিশ্বকাপ ও ভবিষ্যৎ সফরের জন্য তার সঙ্গ অনেক উপকারী হবে।
হেইডেনের উদ্ধৃতি দিয়ে পিসিবি বলেছে, পাকিস্তান দলের সঙ্গে আবারও দেখা হবে, আমি আনন্দিত। তাদের সংস্কৃতির সঙ্গে যোগ দিতে তর সইছে না। এশিয়া কাপে দেখছি পাকিস্তান কীভাবে পারফর্ম করছে এবং রোববার ভারতের বিপক্ষে জয় ছিল অসাধারণ। আমি মনে করি অস্ট্রেলিয়ায় সাফল্য পাওয়ার মতো যা দরকার, তা এই পাকিস্তান দলের আছে। কন্ডিশন তাদের সঙ্গে মানানসই হবে ব্যাটিং ও বোলিং উভয় দিক থেকে। আমি নিশ্চিত গত বছর আমিরাতে যেমন হয়েছিল, এ বিশ্বকাপেও একইভাবে জ্বলবে তারা।
প্রবা/আরএম/এমআই