খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪২ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপালের কাঠমান্ডুর একটি অভিজাত হোটেলে আছে বাংলাদেশের মেয়েরা। এ হোটেলেই হঠাৎ সাবিনা খাতুন, মারিয়া মান্ডারা দেখা পেলেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা পেসার ব্রেট লির।
ক্রিকেটের এত বড় তারকাকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয় সবাই। দেখা হওয়ার পর অজি গতিদানবের সঙ্গে ছবি তুলেছে গোটা বাংলাদেশ দল।
বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ব্রেট লির সঙ্গে। বাংলাদেশ দলের জন্য শুভকামনাও জানিয়েছেন ব্রেট লি।
দশ মিনিটের মতো বাংলাদেশ দলের সঙ্গে সময় কাটান লি। তিনি জানতে চান বাংলাদেশ দলের স্ট্রাইকার ও মিডফিল্ডারদের সম্পর্কে। তখন সানজিদা, কৃষ্ণাদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়। বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচ, অফিশিয়ালরাও ব্রেটলির সঙ্গে নিজেদের ফ্রেমবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি।
ব্রেটলি গতকাল কাঠমান্ডুর সলটি হোটেলে এসেছিলেন। আজ হোটেল থেকে চলে যাওয়ার সময় বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ হয় তার। এ মুহূর্তে নেপালে কী কারণে এসেছিলেন এ অজি সাবেক তারকা সেটা অবশ্য জানা যায়নি।
প্রবা/আরএম/এমআই