× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলের চোট একাদশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ২২:৩২ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ২২:৩৫ পিএম

আইপিএলের চোট একাদশ

বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। যেখানে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের সব তারকা ক্রিকেটার। আইপিএল খেলতে অনেকে এড়িয়ে যান দেশের খেলাকেও। সেই লিগে সুযোগ পেয়েও আকস্মিক চোটের কারণে মাঠে নামতে পারেন না অনেকেই। তাদের নিয়েই গড়া হয়েছে এবারের আইপিএলের চোট একাদশ।


১. ঋষভ পন্ত (দিল্লি ক্যাপিটালস)

এই তালিকায় শুরুতেই আসবে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্তের নাম। আইপিএল শুরুর আগে ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে এবারের আসর থেকে ছিটকে গিয়েছেন তিনি। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। তবে সুযোগ থাকলে ডাকআউটে তার সার্ভিস চেয়েছেন দলটির কোচ রিকি পন্টিং। এতেই বুঝা যায় কতটা গুরুত্বপূর্ণ সদস্য তিনি।


আরও পড়ুন - তারার আলোয় আইপিএলের রঙিন উদ্বোধন


২. জনি বেয়ারস্টো (পাঞ্জাব কিংস)

গলফ খেলতে গিয়ে গত বছর সেই যে ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হলেন আজও ফিরতে পারেননি বেয়ারস্টো। তবে আইপিএল খেলতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি সেরে না ওঠায় হচ্ছে না সেটি। তার বদলি হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু শর্টকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।


৩. উইল জ্যাকস (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

বাংলাদেশ সফরে এসে চোটে পড়েন ইংল্যান্ডের উইল জ্যাকস। এরপর জানা যায় চোটের কারণে আইপিএলে তার সার্ভিস পাবে না বেঙ্গালুরু। পরে ইংলিশ এই ব্যাটসম্যানের পরিবর্তে কিউই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে দলে নিয়েছে বেঙ্গালুরু।


৪. কাইল জেমিসন (চেন্নাই সুপার কিংস)

সব ঠিক থাকলে চেন্নাইয়ের ভরসার নাম হওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের এই পেসারের। কিন্তু চোটের কারণে কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। পরে তার জায়গায় প্রোটিয়া অলরাউন্ডার সিসান্দা মাগালাকে দলে ভিড়িয়েছে চেন্নাই।


৫. ঝাই রিচার্ডসন (মুম্বাই ইন্ডিয়ান্স)

হ্যামস্ট্রিং চোটের কারণে আইপিএলের পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন মুম্বাইয়ের এই পেসার। আসর জুড়ে তার সার্ভিস মিস করবে আইপিএলের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজিটি।


৬. শ্রেয়াস আইয়ার (কলকাতা নাইট রাইডার্স)

কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ার চোটে পড়েছেন একেবারে শেষ মুহূর্তে। ফলে তার পরিবর্তে দলটির নেতৃত্ব দেবেন নিতিশ রানা। তবে আসর জুড়ে মিডল অর্ডারে তার সার্ভিস মিস করবে তার দল।


৭. জস হ্যাজলউড (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

গতকালই জানা গিয়েছে চোটের কারণে এই আসরের শুরুর দিকে খেলা হচ্ছে না হ্যাজলউডের। গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১২ ম্যাচে ২০ উইকেট নেওয়া হ্যাজলউডকে নিশ্চিতভাবেই মিস করবে তার দল।


৮. রজত পাতিদার (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

বেঙ্গালুরের আরেক চোটপ্রাপ্ত ক্রিকেটার রজত পাতিদার। গত আসরে বেঙ্গালুরুর হয়ে ৩৩৩ রান করা রজতকে এই আসরে পাচ্ছে না বেঙ্গালুরু।


৯. মোহসিন খান (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)

গত আসরে টুর্নামেন্টের সবচেয়ে কিপটে বোলারদের একজন ছিলেন মোহসিন। কিন্তু এই আসরে তার সার্ভিস পাচ্ছে না দলটি। গত বছর কাঁধের চোটে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। সেই চোট এখনও পুরোপুরি সারেনি তার।


১০. জাসপ্রিত বুমরাহ (মুম্বাই ইন্ডিয়ান্স)

পিঠে অস্ত্রোপচার হওয়া বুমরাহ গত বছরের সেপ্টেম্বর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। পিঠের চোটের কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খেলতে পারেননি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাকে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে ভারত ঘরের মাঠে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে চায় এই তারকা পেসারকে। সে কারণেই বুমরাহকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়ার পক্ষে নয় তারা।


১১. প্রসিধ কৃষ্ণা (রাজস্থান রয়্যালস)

গত আসরে রাজস্থানের হয়ে আলো ছড়িয়ে চোটে পড়েন প্রসিধ। ফলে এই আসরে খেলা হচ্ছে না তার। বদলি হিসেবে রাজস্থানে ডাকা হয়েছে সন্দীপ শর্মাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা