খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৬ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম
সেঞ্চুরিখরা কেটেছে বিরাট কোহলির। দীর্ঘদিন পর দেশের জার্সিতে শতক পেয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে ৫৩ বলে এশিয়া কাপে তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন কোহলি।
তার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছে ২১২ রান। জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ২১৩ রান।
এশিয়া কাপের এবারের আসরের সবচেয়ে বড় ইনিংস এটাই।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় ভারত। বিরাট কোহলি আর লোকেশ রাহুল মিলে তোলেন ১১৯ রান। ফরিদ খানের বল খেলতে গিয়ে আউট হন রাহুল। তার ক্যাচটি ধরেন নাজিবউল্লাহ জাদরান।
৪১ বলে ৬ চার ও ২ ছয়ে ৬২ রান করেন ভারত ওপেনার। ফাইনলেগে নান্দনিক শট দিয়ে ইনিংস শুরু করা সূর্যকুমার যাদব ফিরে যান পরের বলেই। এক ওভারে ১৪ রান দিলেও ২ উইকেট নিয়ে আফগানিস্তানকে আশার আলো দেখান ফরিদ।
২ উইকেট পড়ে যাওয়ার পর টিম ইন্ডিয়ার রানের চাকার গতি কিছুটা কমে। তবে দ্রুতই তা পুষিয়ে নেন বিরাট কোহলি। আফগান বোলারদের পিটিয়ে সেঞ্চুরিখরা কাটানোর দিকে এগোতে থাকেন তিনি। অতপর ৫৩ বলে ১১ চার ও ৪ ছয়ে শতক হাঁকান সময়ের সেরা তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরিসংখ্যা এখন ৭১টি।
খেলার শেষ পর্যন্ত অবশ্য তিনি ক্রিজেই ছিলেন। শেষ সময়ে ক্রিকেট বিশ্ব নতুন করে কোহলি তাণ্ডব দেখল। ৬১ বল খেলে কোহলি করেছে ১২২ রান। ঋষভ পন্থ ১৬ বল খেলে করেছে ২০ রান।
প্রবা/আরএম/এমজে