× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় বোলারদের শাসন করছে শ্রীলঙ্কার দুই ব্যাটার

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৫ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম

ভারতীয় বোলারদের শাসন করছে শ্রীলঙ্কার দুই ব্যাটার

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ আত্মবিশ্বাসী হয়ে ব্যাট করছে শ্রীলঙ্কা। দুই ওপেনার কুশল মেন্ডিস আর পাথুম নিশাঙ্কা ভারতীয় বোলারদের রীতিমত শাসন করছেন। 

এই দুই ব্যাটার বড় সংগ্রহের পথ দেখাচ্ছেন। ১০ ওভারে শ্রীলঙ্কা তুলেছে বিনা উইকেটে ৮৯ রান।

মেন্ডিস ২৬ বলে ৩৯ রান করেছেন। ফিফটির দেখা পেয়েছেন নিশাঙ্কা। মাত্র ৩৪ বল খেলে ৫০ রান করে ক্রিজেই আছেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে ভারত। 

কোহলিদের শুরুটা অবশ্য ভালো হয়নি। মাত্র ১২ রানে দুই উইকেট হারানোর পর বেশ চাপে পড়ে দলটি। তবে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ৯৭ রানের বড় জুটিতে শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ পায় ভারত।

ইনিংস অবশ্য আরও লম্বা হতে পারতো। তবে শেষ দিকে দ্রুত ৫ উইকেট হারায় রাহুল দ্রাবিড়ের শীর্ষরা। শেষ পর্যন্ত ১৭৩ রান সংগ্রহ করে দলটি।

ব্যাট হাতে ভারতের রোহিত শর্মা ৫ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৭২ রান করেন। ৩৪ রান করেন সূর্যকুমার  যাদব। হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্তের ব্যাট থেকে আসেন  ১৭টি করে রান।

মাত্র ১২ রানে দুই উইকেট হারায় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে থিকশানার ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়েছেন লোকেশ রাহুল (৬)। রিভিউ নিয়েও কাজ হয়নি। পরের ওভারেই বিরাট কোহলি ফিরেছেন শূন্য রানে। 

১৩তম ওভারে ২ উইকেটে ছিল ১১০ রান। সেখান থেকে ৮ উইকেটে রোহিতদের সংগ্রহ ১৭৩ রান। অসাধারণ ফিফটি করেছেন দলপতি রোহিত। নবম ওভারেই অবশ্য ফিরতে পারতেন রোহিত। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এক্সট্রা কভারে হাঁকাতে গেলে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিতে যান শানাকা। কিন্তু এক হাতে বল পেলেও লঙ্কান অধিনায়ক কঠিন সে ক্যাচ রাখতে পারেননি। ব্যক্তিগত ৪১ রানে বেঁচে যান রোহিত।

সেই রোহিত ফিফটি করার পরও অনেকটা সময় চালিয়ে খেলেছেন। অবশেষে ইনিংসের ১৩তম ওভারে তাকে সাজঘরের পথ দেখান পেসার চামিকা করুনারত্নে। ৪১ বলে গড়া রোহিতের ৭২ রানের ইনিংসে ছিল ৫ চার আর ৪ ছক্কার মার।

রোহিত ফেরার পর দ্রুত আরও একটি উইকেট হারিয়ে বসে ভারত। ১৫তম ওভারে প্রথমবার বল হাতে নিয়েই মারকুটে সূর্যকুমার যাদবকে ফেরান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তার বাউন্সি ডেলিভারি শর্ট থার্ডম্যান দিয়ে তুলে মারতে গিয়েছিলেন সূর্য।

কিন্তু টাইমিং না হওয়ায় ক্যাচ উঠে যায়। ২৯ বলে ৩৪ করে ফেরেন এই হার্ডহিটার। ৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ভারত।

হার্দিক পান্ডিয়া শুরুটা করেছিলেন ভালো। ১৮তম ওভারে শানাকাকে বড় এক ছক্কাও হাঁকিয়েছিলেন। কিন্তু ওই ওভারে তাকে তুলে নেন লঙ্কান অধিনায়ক। ডিপ মিডউইকেটে হার্দিক ধরা পড়েন ১৩ বলে ১৭ করে।

ওই ওভারে আরও একটি উইকেট পড়তে পারতো। শর্ট থার্ডম্যানে ক্যাচ তুলে দিয়েছিলেন নতুন ব্যাটার দীপক হুদা। কিন্তু রিপ্লে দেখে বাউন্সি ডেলিভারিটি ‌‘নো’ ডাকেন আম্পায়ার। ওই জীবন পেয়েও অবশ্য কাজে লাগাতে পারেননি দীপক।

পরের ওভারে লেগস্টাম্প উম্মুক্ত করে মধুশঙ্কাকে মারতে গিয়ে বোল্ড হন ডানহাতি এই ব্যাটার (৪ বলে ৩)। এক বল পর পান্তও বাউন্ডারিতে ক্যাচ হয়ে যান পুল খেলতে গিয়ে (১৩ বলে ১৭)। ১৯তম ওভারটিতে সবমিলিয়ে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নেন মধুশঙ্কা।

চামিকা করুনারত্নের করা ইনিংসের শেষ ওভারে এক উইকেট হারালেও অশ্বিনের ছক্কায় ১২ রান তুলে নেয় ভারত। অশ্বিন ৭ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

মধুশঙ্কাই লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন বাঁহাতি এই পেসার।

প্রবা/আরএম/
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা