প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৫:০৪ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৫:০৫ পিএম
আর্লিং হালান্ড মানুষ না রোবট—ঘুরেফিরে আসছে এমন একটি কথা। আদপে ঘুরিয়ে ফিরিয়ে কথাটি সামনে আনছেন স্বয়ং নরওয়েজিয়ান সেনশেসন। গতি, দক্ষতা এবং মাঠে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছাপিয়ে পেপ গার্দিওলার স্ট্রাইকার ঠিক যেন গোলমেশিন। সেই মেশিনে চড়ে একে একে রেকর্ড ভেঙে গড়ছেন নিজের নামে। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপে, রুড ভ্যান নিস্টেলরয় ও টমি জনসনদের রেকর্ড।
ইতিহাদে বুধবার রাতে রীতিমত তাণ্ডব চালিয়েছেন ‘রোবট’ খ্যাত হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোকে মঞ্চ বানিয়ে প্রতিপক্ষের জালে দিয়েছেন গুনে গুনে ৫ গোল। যা ইউরোপ সেরার মঞ্চে রেকর্ড। এক ম্যাচে ৫ গোল দেওয়ার কীর্তি হালান্ড বাদে আছে মাত্র দুজনের—লিওনেল মেসি ও লুইজ আদ্রিয়ানোর।
লাইপজিগের বিপক্ষে বিধ্বংসী রাতে সিটি স্ট্রাইকার ছাড়িয়ে গেছেন এমবাপেকে। এতদিন সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ৩০ গোলের রেকর্ডটি ছিল ফ্রেঞ্চ তারকা স্ট্রাইকারের। সেটিতে এখন উচ্চারিত হবে হালান্ডের নাম। সিটি স্ট্রাইকারের ৩০ গোল করতে সময় লেখেছে ২২ বছর ২৩৬ দিন, আগের রেকর্ড ছিল এমবাপের—২২ বছর ৩৫২ দিন। এই দুজনের ধারেকাছেও নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
আরও পড়ুন : হালান্ডের পাঁচে শেষ আটে ম্যানসিটি
এমবাপেকেই ছাড়িয়ে যাননি হালান্ড, রেকর্ডের রাতে তিনি উদযাপন করেছেন ৩০ গোল ছোঁয়া দ্রুততম খেলোয়াড় বনে। চ্যাম্পিয়ন্স লিগে ৩০বার জাল খুঁজে নিতে হালান্ডের প্রয়োজন হয়েছে ২৫ ম্যাচ। আগের রেকর্ড ছিল রুড ভ্যান নিস্টেলরয়ের। ডাচ তারকার ৩০ গোল পেতে লেগেছিল ৩০ ম্যাচ। সিটিজেনদের হয়েও একটি রেকর্ড গড়েছেন হালান্ড। ক্লাবের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ২২ বর্ষী তারকা, মৌসুমে ৩৮ গোল করে তালিকায় সাবেক তারকা টমি জনসনের সঙ্গে যৌথভাবে শীর্ষ ছুয়েছেন হালান্ড।