প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৩:২৬ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৩:৩২ পিএম
আরেকটি ম্যাচে নিষ্প্রভ থাকলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আগের দিনের মত এদিনও হারালেন মেজাজ। রেফারির সিদ্ধান্ত অমান্য করে দেখলেন কার্ড, ৮৭ মিনিটে বদলিও হয়েছেন। পর্তুগিজ মহাতারকা নিজে স্কোরশূন্য থাকলেও দল আল নাসর তুলেছে বড় জয়, নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স কাপের শেষ চার।
কিং কাপ অব চ্যাম্পিয়ন্সের শেষ আটের লড়াইয়ে কাল আবহার বিপক্ষে নেমেছিল আল নাসর। মারসুল পার্কে প্রতিপক্ষের উপর কার্যত দাপট দেখিয়েছে রোনালদোদের দল, তুলে নিয়েছে ৩-১ গোলের জয়। আগামী ২৩ এপ্রিল নাসরের ফাইনালে ওঠার প্রতিপক্ষ আল-ওয়াহেদা। লিগে ওয়াহেদার বিপক্ষে হ্যাটট্রিক সহ চার গোলে রাত রাঙিয়েছিলেন রোনালদো।
কোয়ার্টার ফাইনালে আবহার বিপক্ষে বল দখল, গোলে শট কিংবা আক্রমণ—সবগুলো বিভাগে দাপট দেখিয়েছে সৌদি প্রো লিগের শীর্ষ সারির ক্লাব। ৫৪ শতাংশ বল দখলে রেখে ২১টি শটের ৪টি লক্ষ্যে রেখেছিল আল নাসর, গোল এসেছে তিনটিতে। ১৫ শটের চারটি গোলমুখে রাখতে পেরেছিল প্রতিপক্ষ আবহা।
রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর পরমুহূর্তে এগিয়ে যায় আল নাসর। ম্যাচের প্রথম মিনিটে আল ঘানামের বাড়ানো বল জালে জড়ান মিডফিল্ড তারকা সামি আল-নাজেই। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আবদুল্লাহ আল-খাইবারি। প্রতিপক্ষের জালে তৃতীয় গোলটি আনেন নাসরের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা মোহামেদ মারান। ৪৯ মিনিটের মাঝে তিন গোল করে খেলার দখল নিলেও প্রতি আক্রমণে দাপট দেখায় আবহা, ৬৯ মিনিটে আদম আহমেদের গোলে শোধও দেয় একটি। তবে শেষ পর্যন্ত ম্যাচের ফলও থাকে অভিন্ন। ৩-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেয় আবহা।
আরও পড়ুন: নতুন নিয়মে ফিফা বিশ্বকাপ, বাড়বে ম্যাচ সংখ্যা
ম্যাচের প্রথমার্ধের শেষদিকে বল নিয়ে এগিয়ে আক্রমণে ওঠেন রোনালদো, ঠিক তখন বাঁশি বাজান রেফারি। বিষয়টি মানতে পারেননি সিআর সেভেন। রাগে ফুসতে থেকে জোরে বল শট দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। রেফারি কাল বিলম্ব না করেই হলুদ কার্ড দেখায়। শেষ তিন ম্যাচে গোল না পাওয়া রোনালদোকে চাইলে লাল কার্ড দেখিয়ে বের করেও দিতে পারতেন রেফারি।
কিং কাপে শেষ চারে আল-ইত্তিহাদের বিপক্ষে লড়বে আল-হিলাল। রোনালদোদের প্রতিপক্ষ আল বাতিনকে ২-১ গোলে হারিয়ে আসা আল-ওয়াহেদা। শিরোপা মঞ্চ নিশ্চিতের লড়াই বসবে এপ্রিলের ২৩ তারিখ, এখনও নির্ধারণ করা হয়নি সেমির সময়।