প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ০৭:৩৯ এএম
আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততার মধ্যে আজ মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের জৌলুসপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী খান ও বিকেএসপির ৩ নম্বর মাঠে গড়াবে ম্যাচ। প্রথম দিন মাঠে নামছে চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ ছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জও মাঠে নামবে। নবাগত ঢাকা লিওপার্ডস ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবও খেলবে আজকে।
শিরোপার অন্যতম দাবিদার আবাহনী ও মোহামেডান অবশ্য প্রথম দিন মাঠে নামবে না। আগামীকাল শেরেবাংলায় খেলবে আবাহনী, মোহামেডান খেলবে ফতুল্লায়। তাদের প্রতিপক্ষ যথাক্রমে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
প্রথম রাউন্ডে মোহামেডান ছাড়া বড় ক্লাবগুলোকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে না। প্রথম রাউন্ডে সাদা-কালোদের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এবার নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। মোহামেডানের নেতৃত্বে থাকবেন বর্তমান চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরুল কায়েস। তার দলে এবারের মৌসুমে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ইমরুলকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে মোহামেডান। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন সাদা-কালো শিবিরে। দলে থাকলেও সাকিব কতটি ম্যাচ খেলবেন তা নিয়ে রয়েছে শঙ্কা। সাকিবের আশা, ম্যাচ খেলবেন।
এবারের ডিপিএলে মোট ১২৩ জন ক্রিকেটার দলবদল করেছেন। এর মধ্যে অন্যতম এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, সাকিব আল হাসান ও মোহাম্মদ আশরাফুল। এই মৌসুম শেষেই ক্রিকেটকে বিদায় জানানোর কথা রয়েছে আশরাফুলের। গত মৌসুমে রেকর্ড গড়া বিজয় এবার খেলবেন আবাহনীর জার্সিতে। গত বছর তার দল ছিল প্রাইম ব্যাংক ক্রিকেটার্স। তাসকিন মোহামেডান ছেড়ে নাম লিখিয়েছেন আবাহনীতে। আর ব্রাদার্স থেকে মোহামেডানে ফেরেন মোহাম্মদ আশরাফুল। শুরুতে মোহামেডানের জার্সিতে খেলার কথা থাকলেও সুপার সিক্সের বাধা পেরোতে না পারায় লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে মাঠে নেমেছিলেন। সেখান থেকে আবারও মোহামেডানের ডেরায় ফিরেছেন সাকিব।
মৌসুমের বহুল প্রতীক্ষিত আবাহনী-মোহামেডান লড়াই এবার দেখা যাবে গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডেই। আগামী ২২ মার্চ মিরপুরে মুখোমুখি হবে দুই দল। প্রথম তিন রাউন্ডে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে ডিপিএলের ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন থেকে ফতুল্লায় আর খেলা হবে না। ফতুল্লার বদলি হিসেবে ব্যবহার করা হবে বিকেএসপির ৪ নম্বর মাঠ।
ডিপিএলের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি। তৃতীয় রাউন্ড হবে ২১ ও ২২ ফেব্রুয়ারি। এখন পর্যন্ত তৃতীয় রাউন্ড পর্যন্ত সূচি ঘোষণা করেছে সিসিডিএম।
ডিপিএলের ম্যাচগুলো শুরু হবে আজ সকাল সাড়ে ৯টায়। সকাল ৯টায় মিরপুরে হবে ডিপিএলের উদ্বোধন। ডিপিএলের প্রথম দিকের খেলায় অবশ্য জাতীয় দলের ক্রিকেটারদের পাবে না ক্লাবগুলো। জাতীয় দলের ব্যস্ততা শেষে ক্লাবে যোগ দেবেন ক্রিকেটাররা। আয়ারল্যান্ড সিরিজ শেষে খেলোয়াড়রা যোগ দেবেন ডিপিএলে নিজ নিজ ক্লাবে। ডিপিএলের এবারের আসরেও অন্যবারের মতো একাদশে একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পাবে ক্লাবগুলো।