× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

কোয়ার্টারে ম্যানসিটি না লাইপজিগ?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ২২:৫৪ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ২২:৫৬ পিএম

কোয়ার্টারে ম্যানসিটি না লাইপজিগ?

গত মৌসুমে রেড বুল আরিনা সফরের অভিজ্ঞতাটা মোটেই ভালো ছিল না। সেই হারের মধুর প্রতিশোধ নিতে এবার ফের আরবি লাইপজিগের মাঠে আতিথ্য নিয়েছিল কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জয় অধরাই রয়ে গেছে। চিত্রনাট্য খানিকটা পাল্টে গেছে বটে। গত মৌসুমে গ্রুপ পর্বের ফিরতি লেগের ম্যাচে ২-১ গোলে হারের তেতো স্বাদ হজম করে ফিরেছিল ম্যানসিটি। এবার অবশ্য তেমনটা হয়নি। পুরোনো ক্ষতটা শুকিয়ে গেছে। শেষ ষোলো পর্বের প্রথম লেগের লড়াইয়ে ১-১ গোলের ড্রয়ের স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি।

এবার ফিরতি লেগের লড়াই। আজ রাতে ম্যানসিটির মাঠ সফরে যাচ্ছে জার্মান ক্লাব লাইপজিগ। ডি ব্রুইনেদের সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই। ইউরোপের সবচেয়ে মর্যাদাকর আসরের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে জয় ছিনিয়ে নিতে চায় স্বাগতিকরা। একে তো ম্যাচ নিজেদের মাঠ ইতেহাদ স্টেডিয়ামে। যে কারণে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ম্যানসিটি।

অন্যদিকে পরিসংখ্যানও কথা বলছে ম্যানসিটির হয়ে। গত মৌসুমে লাইপজিগের মাঠে ফিরতি লেগের ম্যাচে হারলেও প্রথম লেগে নিজেদের মাঠে বড় জয়ই তুলে নিয়েছিল ফুটবল গুরু গার্দিওলার দল। ৬-৩ গোলের সেই জয় আজ রাতে নিশ্চিত মাঠে অনুপ্রেরণা জুগিয়ে যাবে স্বাগতিকদের।

তবে ছেড়ে কথা বলবে না লাইপজিগ। জয়ের দেখা পেতে মরিয়া হয়েই মাঠে নামবে কোচ মার্কো রোজের দল। প্রথম লেগের ম্যাচ অমীমাংসিত থাকায় এবার জয় চাই জার্মান ক্লাবটির। দুদলের অবস্থান এখন সমানে সমানে। তাই শেষ আটে ওঠার সুযোগ রয়েছে দুদলের সামনেই। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় লাইপজিগ।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরাদের আসরে ম্যানচেস্টার সিটি ও আরবি লাইপজিগের লড়াইটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়। ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে জিও টিভির পর্দায়। একই সময়ে টুর্নামেন্টের শেষ ষোলোর অন্য ম্যাচে পোর্তো মোকাবিলা করবে ইন্টার মিলানকে। প্রথম লেগে পর্তুগিজ ক্লাবকে নিজের মাঠে ১-০ গোলে হারিয়ে অবশ্য এগিয়ে রয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা