প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১০:১৪ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৪:০৩ পিএম
শেষ ৬ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ৮ রান। উইকেটে আছেন সেঞ্চুরি হাঁকানো কেন উইলিয়ামসন। আশিথা ফার্নান্দোর প্রথম বলে সিঙ্গেল নিয়ে হেনরিকে দিলেন উইলিয়ামসন। দ্বিতীয় বলে রান এলো একটি। বাউন্ডারির খোঁজে তৃতীয় বল মারলেন উইলিয়ামসন। ফিল্ডার থাকায় হয়নি সেটি। উল্টো দুই রান নিতে গিয়ে আউট হয়ে ফিরলেন ম্যাট হেনরি।
শেষ তিন বলে প্রয়োজন ৫ রান। বাড়ছে নাটকীয়তা। জয় পেতে শ্রীলঙ্কার প্রয়োজন দুই উইকেট। তাতে টিকে থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্ন। উত্তেজনা বাড়ছে গ্যালারিতে। কিউই ডাগআউটেও আতঙ্ক। এমন সময় চার মেরে ভার মুক্ত করলেন উইলিয়ামসন। স্কোর তখন লেভেল। বুকের ওপর চেপে বসা পাথরটা সরে গেল।
কিন্তু না। আসল নাটকীয়তা তখনও বাকি। জয় পেতে দুই বলে প্রয়োজন ১ রান। ফার্নান্দোর করা পঞ্চম বলটি ব্যাটে লাগানোর সুযোগই পেলেন না উইলিয়ামসন। বাউন্সার বলটি গেল তার মাথার বেশ খানিকটা ওপর দিয়ে। ওয়াইড বলের আপিল করেও কাজ হলো না।
শেষ বলে প্রয়োজন ১ রান। আবারও বাউন্সার। ব্যাটে লাগল না এবারও। তবে বসে থাকেননি অপর প্রান্তে থাকা নিল ওয়াগনার। উসাইন বোল্টের মতো দৌড় দিলেন। উইকেটের পেছনে থাকা নিরশান ডিকওয়েলার থ্রো মিস হয়ে গেল। তাৎক্ষণিক বলটি ধরে অপর প্রান্তে দৌড়ানো উইলিয়ামসনের স্টাম্প ভাঙলেন ফার্নান্দো।
উদযাপনে মেতেছে শ্রীলঙ্কানরা। থার্ড আম্পায়ারের কাছে গেল সিদ্ধান্তের ভার। রানআউট চেক করতেই উল্লাসের ধ্বনি ক্রাইস্টচার্চে। উইলিয়ামসন জড়িয়ে ধরলেন সদ্য ৩৭ বছরে পা রাখা ওয়াগনারকে। হয়তো বললেন, বন্ধু এই জয় তোমার জন্মদিনের উপহার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৫৫/১০।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৭৩/১০।
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৩০৫/১০।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ২৮৫, আগের দিন ২৮/১) ৭০ ওভার ২৮৫/৮ (উইলিয়ামসন ১২১*, মিচেল ৮১; রাজিথা ৬১/১, আসিথা ৬৩/৩, জয়াসুরিয়া ৯২/২)।
ফল: নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে নিউজিল্যান্ড।
ম্যান অব দ্য ম্যাচ: ড্যারিল মিচেল (১০২ ও ৮১ রান)।