প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ২১:২২ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২১:৪৩ পিএম
ব্যাট হাতে ধুন্ধুমার বেন স্টোকসের পুরো মনোযোগ অ্যাশেজ সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার মঞ্চে লড়ার আগে কয়েকটাদিন ঘুরেফিরে কাটাচ্ছিলেন স্টোকস। সেখানেই পেয়েছেন বাধা। চুরি গেছে তার ব্যাগ। ক্ষুব্ধ ইংলিশ অধিনায়ক মজা নিতেও ছাড়েননি।
ছয় জাতি রাগবি চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের খেলা দেখতে যাচ্ছিলেন স্টোকস। পথে চোরের খপ্পরে পড়েন তিনি। তাতে রেগেমেগে আগুন তিনি। লন্ডনের ব্যস্ততম রেল স্টেশন কিংস ক্রসে ঘটেছে এ ঘটনা।
চোরের কবলে পড়া ইংলিশ ক্রিকেটার অবশ্য মজাও নিয়েছেন। চোরের উদ্দেশে টুইট করেছেন স্টোকস, ‘কিংস ক্রস রেল স্টেশন থেকে যিনিই ব্যাগ চুরি করেছেন, আশা করি আমার পোশাক আপনার বড়ই হবে।’
রাগবি ম্যাচ দেখতে গিয়ে নিরাশ হওয়া স্টোকসকে নিরাশ করেছে ইংল্যান্ডও। লন্ডনের টুইকেনহ্যাম স্টেডিয়ামে ১১ মার্চ ফ্রান্সের কাছে বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিক ইংলিশ দল।