প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৪:৫৬ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৬:০২ পিএম
দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ছেলেদের ক্রিকেটে আইসিসির ফেব্রুয়ারি-২০২৩-এর সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। মেয়েদের ক্রিকেটে এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার।
ফেব্রুয়ারিতে উদীয়মান এই ইংলিশ তারকা পেছনে ফেলেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মতিকে।
ব্রুক ফেব্রুয়ারিতে তার উদীয়মান টেস্ট ক্যারিয়ারকে আরও উচ্চতায় নিয়ে গেছেন। এই সময়ে দুটি করে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন তিনি। এর আগেও পাকিস্তান সফরে পারফরম্যান্সের কারণে ২০২২ সালের ডিসেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি।
ফেব্রুয়ারির সেরা হতে মাউন্ট মাউঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি পান ব্রুক। প্রথম ইনিংসে পাঁচ নম্বরে নেমে ব্রুক ৮১ বলে করেন ৮৯ রান। দ্বিতীয়টিতে ৪১ বলে ৫৪। এরপর ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ১৭৬ বলে ক্যারিয়ার সেরা ১৮৬ রান করেন তিনি। যা তাকে আইসিসির দ্বিতীয় মাসসেরার পুরস্কার এনে দিয়েছে।
দ্বিতীয়বার পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত ব্রুক বলেন, ‘কয়েক মাসের মধ্যে দুবার এই পুরস্কার জিততে পারাটা সত্যিকারের সম্মানের। আমি আমার সতীর্থদের এবং ইংল্যান্ড দলের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই, যারা সমর্থন করেছে। বছরের শুরুটা বেশ ভালো হয়েছে। আশা করি অ্যাশেজসহ ৫০ ওভারের বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে পারব। আমি উভয় স্কোয়াডের অংশ হতে চাই।’
অন্যদিকে মেয়েদের ক্রিকেটে, অ্যাশলে গার্ডনার টানা তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার পথে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। টুর্নামেন্টে ৩৬ গড়ে ১১০ রান করেছেন তিনি। সঙ্গে তার শিকার ১০ উইকেট। টুর্নামেন্টসেরার পুরস্কার জেতার পর এবার জিতলেন মাসসেরার পুরস্কার।