× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

সোমবার উদ্বোধনী ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ০১:৪৫ এএম

সোমবার উদ্বোধনী ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশের কাবাডির বিশ্বায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু হচ্ছে সোমবার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইউরোপিয়ান টিম পোল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ। আর গ্রুপ পর্বেই আর্জেন্টিনার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।

জাতীয় ভলিবল স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি ডেভেলপমেন্ট গাজী মোজাম্মেল হক ও টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ই. প্রসাদ রাও।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন (১৭ মার্চ) সামনে রেখে ঘরের মাঠে তৃতীয়বারের মতো হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। ১২ জাতির টুর্নামেন্টের খেলা কোর্টে গড়াবে আজ। গতকাল রবিবার ১২ দলের অধিনায়ককে নিয়ে হয়েছে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন।

টুর্নামেন্টে ১২টি দেশ দুই ভাগে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। ‘এ’ গ্রুপে গত দুইবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ইরাক, নেপাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও পোল্যান্ড। ‘বি’ গ্রুপে খেলবে দুই আসরের রানার্সআপ কেনিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে।

এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশের গণ্ডি পেরিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি দক্ষিণ আমেরিকা মহাদেশেও তার ব্যাপ্তি ছাড়িয়েছে। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। এটিকে টুর্নামেন্টে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

হাবিবুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে আমরা এশিয়া, ইউরোপ, আফ্রিকা ছাড়িয়ে লাতিন আমেরিকা অঞ্চলে নিয়ে গেছি। আর্জেন্টিনা কাবাডি দল বাংলাদেশে আসায় টুর্নামেন্টের প্রতি সাধারণ মানুষের আগ্রহ আরও বেড়ে গেছে। এতেই বোঝা যায় দেশে কাবাডির আবেদন এখনও শেষ হয়ে যায়নি।’

বঙ্গবন্ধু কাপ কাবাডির প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তৃতীয় আসরেও চ্যাম্পিয়নশিপ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই আসর সামনে রেখে আমরা কঠোর অনুশীলন করেছি। দেশি-বিদেশি কোচদের তত্ত্বাবধানে বিদেশেও চলেছে অনুশীলন। প্রত্যাশা রাখছি আমরা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারব।’ চ্যাম্পিয়নশিপ ধরে রাখার ব্যাপারে প্রত্যয়ী বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদারও। বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। অনুশীলনও আমাদের ভালো হয়েছে। আশা করি আমরা শিরোপা ধরে রাখতে পারব এবং আমার দলের সেই সামর্থ্য আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা