× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই

ইরানের কাছে হেরে ছিটকে গেল বাংলাদেশের মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ০০:১৩ এএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১০:৪৬ এএম

ইরানের কাছে হেরে ছিটকে গেল বাংলাদেশের মেয়েরা

একে তো প্রতিপক্ষ শক্তিশালী ইরান। তার ওপর দলের সঙ্গে ছিলেন না শামসুন্নাহার জুনিয়র। চোট ছিটকে দিয়েছে বাংলাদেশের ক্যাপ্টেনকে। তারকা এই ফরোয়ার্ডের অভাবটা কিছুতেই পুষিয়ে নিতে পারেননি লাল-সবুজ জার্সিধারীরা। ক্রিকেটে সুখবর এলেও ফুটবল থেকে এলো মন খারাপ করা খবর। ইংল্যান্ডকে হারিয়ে ছেলেরা প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ফুটবলে মেয়েরা হার মেনেছেন ইরানের কাছে।

উল্টো শেষ দিকের ভুলে গোল খেয়ে বসলেন দেশের মেয়েরা। মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বীদের কাছে ১-০ গোলে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ধাপ থেকে বিদায় নিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার এ হারের মধ্য দিয়ে একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে নিজেদের মিশন শেষ করল বাংলাদেশ। আর টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্টের পুঁজি গড়ে ‘এইচ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাছাই পর্বের দ্বিতীয় ধাপের টিকিট নিশ্চিত করেছে ইরান। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-১ গোলে ধসিয়ে দিয়ে অভিযান শুরু করেছিল দলটি।

শামসুন্নাহার হাঁটুর ইনজুরির কারণে মাঠের লড়াইয়ে ছিলেন না তুর্কমেনিস্তানের ম্যাচে। তবে তার অনুপস্থিতি পুষিয়ে দিয়েছিলেন আকলিমা-স্বপ্নারা। দুজনের ঝলকে ৪-০ গোলে জিতে পরের রাউন্ডে ওঠার স্বপ্ন দেখেছিল স্বাগতিকরা। তবে ইরানের বিপক্ষে অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের অভাবটা আর কেউ পূরণ করতে পারেননি।

বল মাঠে গড়াতেই ছন্দময় ফুটবলে আধিপত্য বিস্তার করে ইরান। তবে বাংলাদেশের মেয়েরাও একেবারে ছেড়ে কথা বলেননি। জমজমাট লড়াইয়ে প্রথমার্ধ থেকে যায় গোলশূন্য। ম্যাচের আট মিনিটের মাথায় গোলপোস্টের সামনে বল পেয়েও হতাশ করেন আকলিমা খাতুন। পরে আক্রমণ চালাতে থাকে ইরান। দশম মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া নাস্তারান মোহাম্মাদখানির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

লড়াইয়ের ৮৫তম মিনিটে গোল খেয়ে ফেলে বাংলাদেশ। গোলকিক থেকে উড়ে যাওয়া বলে মাঝমাঠে সতীর্থ মাথা ছোঁয়ালে বল চলে যায় নেগিনের কাছে। পোস্ট ছেড়ে বক্সের বাইরে যান রূপনা। কিন্তু কাজ হয়নি। গোলরক্ষকের চোখ ফাঁকি দিয়ে ক্রস শটে জাল কাঁপিয়ে দেন নেগিন। বাকি সময়ে সমতায় ফেরার চেষ্টা করেও লাভ হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা