প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৪:২৯ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে হুট করেই সংবাদ সম্মেলনে হাসান মাহমুদকে উত্তর দিতে হলো কত উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান। প্রশ্ন শুনে অবশ্য চমকে যাননি হাসান মাহমুদ। চটজলদি উত্তরে হাসান বলে উঠলেন, ‘অবশ্যই ৫০০।’ তবে কোন ফরম্যাটে ৫০০ উইকেট নিতে চান সেটা পরিষ্কার করে বলেননি।
৫০০ উইকেটের এই আত্মবিশ্বাস কোথা থেকে পেয়েছেন, সেটাও পরিষ্কার করেছেন হাসান। ইংল্যান্ড সিরিজের আগে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে ৪৭ রানের ভয়ংকর স্পেল করা হাসান জানান, সেখান থেকেই পেয়েছেন আত্মবিশ্বাস। ওই ম্যাচের পরই বদলে গেছে তার মনের অবস্থা, ‘ভারতের সঙ্গে ওই ম্যাচটার পর আমার ভয়টা কেটে গেছে। এখানে আমার জন্য একটু সহজ হয়েছে।’
পাশাপাশি বিপিএলে দারুণ বোলিংয়েও পেয়েছেন আত্মবিশ্বাস। বিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘বিপিএল খুবই ভালো গিয়েছে। আমি চেষ্টা করেছি প্রতি ম্যাচে দলকে সেরাটা দিতে। দুই-একটা ম্যাচে পারিনি। তবে সব মিলিয়ে ভালো হয়েছে।’ বিপিএলে স্পোর্টিং উইকেটে পাওয়া চ্যালেঞ্জ শিখতে পেরেছেন, সেটাও মনে করেন হাসান, ‘চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। ডিফেন্ড করতে খুব কষ্ট হয়েছে। এমন উইকেট থাকলে আমাদেরও শেখা হবে। ভালো ব্যাটারদের বিপক্ষে কীভাবে ভালো করতে হয় সে চেষ্টা হয়।’