প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ২৩:৩০ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ২৩:৪১ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো যেদিন সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিলেন তখন থেকেই গুঞ্জন। সময় গড়িয়ে সেই গুজব কিংবা উড়ো কথা ছড়িয়েছে বহুদূর। বায়ার্ন মিউনিখের কাছে হেরে পিএসজির আরেকটি স্বপ্নভঙ্গের পর জোরালো হয়েছে কথাটি, ‘ক্লাব ছাড়ছেন মেসি অথবা লিওনেল মেসিকে ছেড়ে দিচ্ছে পিএসজি।’ আর্জেন্টাইন মহাতারকার ক্লাব ছাড়া বা না ছাড়ার বিষয়টি উসকে উঠেছে তার সৌদি আরবে যাওয়ার ইস্যুতে। চলতি মাসের শেষ দিকে মধ্যপ্রাচ্যের দেশটিতে দ্বিতীয়বারের মতো যাবেন এলএম টেন।
মেসির এই সৌদি সফর ফুটবলীয় কোনো কারণে নয়, সৌদি প্রো লিগে খেলতেও যাচ্ছেন না। দেশটির পর্যটন খাতের শুভেচ্ছাদূত হওয়ার প্রেক্ষিতেই পরিবারসহ সেখানে ভ্রমণ করবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গত বছরের মে মাসে মেসিকে শুভেচ্ছাদূত বানায় সৌদি আরব। পর্যটন খাতকে এগিয়ে নিতে মেসির পেছনে বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো খরচ করছে তারা। দেশটি সৌদি বলেই এবং সময়টা অনুকূলে বলেই গুজব, ক্লাব ছাড়ছেন মেসি!
চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে পিএসজি। ক্লাবের ইউরোপসেরা হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ায় ফরাসি সংবাদমাধ্যমগুলো মেসিকে নিয়ে মেতেছে সমালোচনায়। তাতে পিএসজির সঙ্গে তার চুক্তি নবায়নের বিষয়টিও পড়ে গেছে অনিশ্চয়তার মুখে। চলতি বছরের জুনেই সেই চুক্তির মেয়াদ শেষ হবে। তবে পরবর্তী গন্তব্য ঠিক করেননি মেসি। ভবিষ্যৎ গন্তব্যের কোনো ইঙ্গিতও দেননি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে, মেসি তার ভবিষ্যৎ ঠিকানা হিসেবে পিএসজিকেই প্রাধান্য দিচ্ছেন। দুই পক্ষের আলোচনা ফলপ্রসূ না হলে পুরোনো দুই ক্লাব বার্সেলোনা ও নিউয়েলস বয়েজ তার দিকে চেয়ে থাকবে। এ ছাড়া মেসিকে দলে নিতে মুখিয়ে আছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। এ ছাড়া রোনালদোকে আল নাসর নেওয়ার পর আরেক ক্লাব আল হিলাল মেসিকে পেতে মুখিয়ে।