× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহামেডানের সবকটি ম্যাচ খেলতে চান সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৯:৩১ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৩ ১৯:৩৭ পিএম

মোহামেডানের সবকটি ম্যাচ খেলতে চান সাকিব

গেল বছরও ডিপিএলে মোহামেডানের হয়ে নাম লেখালেও একটি ম্যাচও খেলতে পারেননি সাকিব আল হাসান। সেই সাকিব এবারও মোহামেডানে, তবে গত মৌসুমের পুনরাবৃত্তি এবার চান না। তিনি জানিয়েছেন, এবারে মোহামেডানের সবকটি ম্যাচেই খেলতে চান। 

গতবার সাকিব যে ডিপিএলে একেবারেই খেলেননি, বিষয়টা তেমন নয়। সাকিব সুপার লিগে খেলেছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের জার্সি গায়ে চড়িয়ে। তার দল মোহামেডানের ডিপিএল যাত্রা শেষ যে আগেই! মোহামেডান যখন প্রথম রাউন্ডে খেলেছে, তখন বাংলাদেশের সঙ্গে তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে, এরপর ছিল আইপিএলের ব্যস্ততা। সব শেষে তিনি যখন ফিরেছেন দেশে, ডিপিএল যাত্রা ততক্ষণে শেষ মোহামেডানের।

সাকিবের ব্যস্ততা এবারও আছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন আইপিএলে। এর আগে আছে বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজ। তবে এরপরও সাকিবের ইচ্ছা, মোহামেডানের হয়ে ‘সব ম্যাচ’ খেলার। তার কথা, ‘ইচ্ছে আছে সবগুলো খেলার। বাকিটা দেখা যাক।’

সাকিবের ভাষ্য, ‘দেশের জন্য ভালো কিছু ছিল দেখেই আসলে মোহামেডান সুপার লিগে যেতে পারিনি। এর বড় কারণ হচ্ছে আমরা অনেকগুলো খেলোয়াড় ছিলাম যারা খেলতে পারিনি, সার্ভিস দিতে পারিনি। স্বাভাবিকভাবে জাতীয় দলের কমিটমেন্টের কারণে দিতে পারিনি। আশা করি এবার আমরা দল হিসেবে খেলতে পারব এবং ওরকম ফল আনতে পারব যেটা মোহামেডান অনেকদিন ধরেই চাচ্ছে।’

সাকিব এরপরই খোলাসা করলেন বিষয়টা। এবারও বাংলাদেশের ম্যাচ আছে ডিপিএলের সময়, তার নিজেরও আইপিএল-ব্যস্ততা আছে। তার ফাঁকে যতগুলো ম্যাচে খেলার সুযোগ পাবেন, খেলবেন। তার কথা, ‘চেষ্টা থাকবে সবগুলো ম্যাচ খেলার। মাহবুব ভাই যেটা বললেন, জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএল আছে। এর মাঝখানে চেষ্টা করব যথাসম্ভব দলের সঙ্গে থাকার ও ম্যাচগুলো খেলার।’

এখানেই চলে আসে প্রশ্নটা। আয়ারল্যান্ড সিরিজ শেষ হবে আগামী ৮ এপ্রিল। ততক্ষণে বেজে যাবে আইপিএলের দামামা। ৩১ মার্চ শুরু হয়ে আইপিএল চলবে ২৮ মে পর্যন্ত। 

এদিকে ডিপিএল শুরু ১৫ মার্চ থেকে। দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে সুপার লিগ আগামী ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে, তা একরকম নিশ্চিত, তার ব্যাপ্তিও ১০-১৫ দিনের বেশি হবে না। তাই সাকিব মুখে ‘সব ম্যাচে’ বললেও আসলে মোহামেডানের হয়ে খেলবেন কয় ম্যাচে, তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা