প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৮:০৮ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ১৮:১৭ পিএম
এই খেলা আর কতকাল, আর কতটা জীবন! কিছুটা তো চাই, হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ—রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতার লাইনগুলো যেন পিএসজি মালিকপক্ষের হৃদয়ের কথা। একটা চ্যাম্পিয়নস লিগ জিততে কী করেননি ক্লাবটির কর্তা নাসের আল খেলাইফি। দুহাতে টাকা উড়িয়েছেন। জড়ো করেছেন বিশ্বের খ্যাতিসম্পন্ন প্রায় সব তারকাকেই। বিনিময়ে কিচ্ছু চাননি ভালোবাসার চ্যাম্পিয়নস লিগ ছাড়া। আর তা দিতেই যত কার্পণ্য মেসি-নেইমার-এমবাপেদের। কোচ গালতিয়েরই-বা বাদ যাবেন কেন। গত জুলাইয়ে এই স্বপ্ন দেখিয়েই তো পচেত্তিনোর জায়গা নিয়ে ছিলেন তিনি। অথচ বছর না ঘুরতেই সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে তার দল বায়ার্ন মিউনিখের বিপক্ষে মুখথুবড়ে পড়ে। তাই নতুন করেই ভাবতেই হচ্ছে পিএসজি কর্তাব্যক্তিদের। গুঞ্জন, মসনদে বসতে পারেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।
মেসি-নেইমার-এমবাপের মতো তারকাদের নিয়েও যে গুরু দলকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারে না সেই দলে তার কাজটা কী। এমন প্রশ্নই উঠেছে গালতিয়েরকে নিয়ে। সেই সঙ্গে মেসি-নেইমার-এমবাপের তাৎপর্য নিয়েও উঠেছে প্রশ্ন। কাজেই আগামী দলবদলেই যে এর একটা হেস্তানেস্তা হতে চলেছে সেটা বলাই যায়। আভাস মিলছে মার্কার প্রতিবেদনেও।
আগেও জিদানকে পিএসজির মসনদে বসানোর ব্যাপারে গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও ফ্রান্স দলের কোচ হওয়ার বাসনা থাকায় শেষ পর্যন্ত রাজি করানো যায়নি তাকে। তবে শেষ পর্যন্ত সেটি না হওয়ায় পিএসজির সামনে বড় সুযোগ জিদানকে কোচ করার। যদিও ব্রাজিল ও জুভেন্টাসের মতো দলের কোচিং প্যানেলে জিদানের যুক্ত হওয়ার ব্যাপারেও গুঞ্জন আছে। তবে সেখানে বড় সমস্যা ভাষা। ফলে নিজ দেশের ক্লাব পিএসজির মসনদে বসার সম্ভাবনাই বেশি তার। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী আছে গালতিয়েরের ভাগ্যে।