× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাই সাফারিতে মাশরাফি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৭:১৩ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৩ ১৮:০৩ পিএম

দুবাই সাফারিতে মাশরাফি

মাশরাফি মর্তুজা যেন আরব শেখ, স্ত্রী সুমনা হক সুমির হাতে থাকা পাত্রে পরম যত্নে ঢেলে দিচ্ছেন পানীয়। সোফায় তাদের মাঝে বসে ক্যামেরায় পোজ দিতে ব্যস্ত দুই সন্তান হুমাইরা ও সাহিল। বাংলাদেশের সাবেক অধিনায়কের পরনে জোব্বা, মাথায় পাগড়ি, দুই হাতে ভিন্ন রঙের ব্যাসলেট, চোখে কালো চশমা।

লাল গালিচা বিছানো রুমে ঝলমলে পর্দা, টেবিলে স্বর্ণখচিত সিন্দুক, আরও কত কিছু—প্রথমবার দেখলে নিরেট আরব কোনো শেখের পরিবার ভেবে বসলেও ভুল হবে না। দুবাইয়ে শেখ সাজা মাশরাফির সময়টাও কাটছে ভালো—কখনও উটের পিঠে চড়ে সেরে নিচ্ছেন ডেজার্ট সাফারি, কখনও বাহুতে নাচাচ্ছেন শিকারি ঈগল। 

উটের পিঠে মাশরাফির স্ত্রী-কন্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার পর প্রথমবার দেশের বাইরে ঘুরতে গিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। বিপিএলে ব্যস্ত সময় শেষে এখন স্বস্তির ছুটি। কদিন পর আবারও ফিরবেন ঘরোয়া ক্রিকেটে। হাঁটুতে অসংখ্য অস্ত্রোপচার এবং বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে কাঁপিয়ে বেড়াবেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। পরিবার নিয়ে ঘুরতে ভালোবাসেন টাইগারদের সাবেক অধিনায়ক, বেশ কয়েকবার বলেছেনও তিনি।

খাবার টেবিলে মাশরাফির পরিবার

সামাজিক যোগাযোগমাধ্যমেও মাঝেমধ্যে শেয়ার করেন ঘোরাঘুরির সেসব ছবি। দুবাইয়ে মাশরাফি ও তার পরিবারের তেমন কিছু আনন্দময় মুহূর্তের স্থিরচিত্র এসেছে সামনে, অনলাইনে ছড়িয়ে পড়ছে সেসব, ক্যাপশনের ঘরে কেউ কেউ লিখছেন, ‘দুবাইয়ে শেখ মাশরাফি’। সাদাচোখে দেখলে হয়তো কথাটির বিন্দুমাত্র ভুল খুঁজে পাওয়া যাবে না!

স্ত্রীকে পানীয় ঢেলে দেয়ার পোজ দিয়ে ক্যামেরাবন্দি মাশরাফি

৩৯ বর্ষী তারকার কাছে একবার জানতে চাওয়া হয়েছিল, পরিবার আপনার কাছে কী? মাশরাফি সরাসরি উত্তর দিয়েছিলেন, পরিবার ক্রিকেটের চেয়েও অনেক বড় কিছু—যা এড়িয়ে যাওয়া যাবে না। বাংলাদেশের হয়ে সাদা পোশাকের জার্সি তুলে রাখা হার না মানা মাশরাফি ক্রিকেটকেও বোধ হয় এড়াতে পারছেন না। না হলে কী আর চল্লিশ ছুঁইছুঁই বছরে পা রেখেও অবসরের প্রশ্নে বাঁকা চোখে তাকাতেন।

মাশরাফির স্ত্রীর হাতে শিকারি ঈগল পাখি

ঠিক যেন এমন, আরে আমি কি ফুরিয়ে গেছি! বুড়ো হয়ে যাওয়া মাশরাফি কোনো রাগঢাক না রেখেই তাই বলেন, অবসর নিচ্ছি না, খেলা চালিয়ে যেতে চাই। ফিটনেস ইস্যু কাটিয়ে পারফর্ম করে জাতীয় দলে ফেরার স্বপ্নও বুনতে পারেন নড়াইলের এমপি।

মাশরাফির কন্যার হাতে ঈগল পাখি


পরিসংখ্যানের বিচারে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি যেন সব্যসাচী—ক্রিকেট এবং রাজনীতি, দুটোই সামলান সমান হাতে। ঘোরাঘুরিটা সেখানে বাদ যাবে কেন! দুবাইয়ের তপ্ত বালুতে শেখের আমুদে জীবন কী আর চিত্রার দুরন্ত মাশরাফিকে আটকে রাখতে পারবে!
মাশরাফির তনয়ের হাতে ঈগল

দেশে পা রেখে আবারও মাঠে ছুটবেন মাশরাফি। হাঁটুর পাশে থাকা ট্রাউজারে একটুখানি টান দিয়ে এগোবেন বল করতে। চলতি মৌসুমেও তাকে দেখা যাবে ঢাকা প্রিমিয়ার লিগে, লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন লিজেন্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা