প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ০২:৩৮ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ১১:১৩ এএম
বাংলাদেশের গলফার নাসিমা আক্তার ও সোনিয়া আক্তার
অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের দলগত ইভেন্টে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছে বাংলাদেশ। স্বাগতিকদের ‘এ’ দলের নাসিমা আক্তার ও সোনিয়া আক্তারের সমান ১৬৫ শট (২১ ওভার পার) খেলেছেন পাকিস্তানের দুই গলফার আবিহা হামিন সৈয়দ ও সানিয়া ওসামা।
ওরিয়ন ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে শুক্রবার এককে দাপট দেখিয়েছেন দক্ষিণ কোরিয়ার গলফার গুন্ডো পার্ক। তৃতীয় দিনের সেরা গুন্ডো মোট ২২৩ শট (৭ ওভার পার) খেলে রয়েছেন লিডারবোর্ডের সপ্তম স্থানে।
তবে তিন রাউন্ড মিলে ২১১ শট (৫ আন্ডার পার) খেলে এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন নেপালের সুবাস তামাং। ২১৪ শট (২ আন্ডার পার) খেলে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার আরব ডি শাহ। ২১৬ শট (লেবেল পার) খেলে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের গলফার আবু বকর সিদ্দিক।
মেয়েদের এককে যৌথভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সোনিয়া আক্তার ও পাকিস্তানের সানিয়া ওসামা। উভয়েই ৭৯ (৭ ওভার পার) শট খেলেছেন। ৮৩ (১১ ওভার পার) শট খেলে তালিকার তৃতীয় স্থানে নেপালের মেয়ে সুষমা সিজেল।
শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের নারী গলফার সোনিয়া আক্তার। তিনি বলেছেন, ‘সেরাটা দিতে পারিনি। তার পরও দলগত এবং এককে যৌথভাবে শীর্ষে আছি। আশা করি শেষ রাউন্ডে ভালো কিছু করব। শিরোপা জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’