× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুরে দাঁড়ানোয় খুশি টেন হ্যাগ, জুভেন্টাসের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ২২:৪৮ পিএম

ঘুরে দাঁড়ানোয় খুশি টেন হ্যাগ, জুভেন্টাসের জয়

অ্যানফিল্ডের দুঃখ ভুলে চিরচেনা ওল্ড ট্রাফোর্ডে রাজহাঁসের মতোই গা-ঝাড়া দিয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলরা ফিরে পেয়েছে চেনা ছন্দ। তাতেই ইউরোপা লিগের শেষে ষোলোর প্রথম লেগে রিয়াল বেটিসকে উড়িয়ে শাপমোচন হয়েছে টেন হ্যাগের দলের। সেই সঙ্গে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালেও এক পা দিয়ে রেখেছে দলটি। ইউরোপা লিগে ভিন্ন ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস ও সেভিয়া।

লিভারপুলের বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ায় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ব্রুনো ফার্নান্দেজের নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে টেন হ্যাগকে। তবে কোচ আত্মবিশ্বাসী ছিলেন ব্রুনোর ব্যাপারে। বলেন, ‘কেউই নিখুঁত নয়, সবাই ভুল করে। ব্রুনো ফার্নান্দেজকে আমার দলে পেয়ে আমি সত্যিই খুশি। সে দলকে শক্তি জোগাচ্ছে এবং সঠিক পথে চালাচ্ছে। সেই সঙ্গে খেলোয়াড়দের নির্দেশ করছে। সে পুরো দলের জন্য অনুপ্রেরণা।’ টেন হ্যাগের আস্থা যে মিথ্যা নয় রিয়াল বেটিসের বিপক্ষেই তার প্রমাণ দিয়েছেন ব্রুনো। প্রথমে সতীর্থ অ্যান্টনিকে দিয়ে করিয়েছেন এক গোল। পরে নিজেও করেছেন এক গোল।

শাপমোচন করে আগের ম্যাচের দুঃখ ভুলিয়ে দিতে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে গিয়েছে রেড ডেভিলরা। গোল উদযাপনে মাততে এদিন খুব একটা অপেক্ষায় থাকতে হয়নি মাঠে আসা সমর্থকদের। ম্যাচের ৬ মিনিটের মাথায় রেড ডেভিল সমর্থকদের উদযাপনের ক্ষণ এনে দেন মার্কাস র‌্যাশফোর্ড। এরপর অবশ্য ৩২ মিনিটে সমতা টানেন পেরেজ। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্রুনোর বাড়ানো বল জালে জড়িয়ে ম্যাচে লিড এনে দেন অ্যান্টনি। খানিক পর সেই ব্যবধান ৩-১ করেন ব্রুনো নিজে। এরপর ৮২ মিনিটে গোল করে বেটিসের কফিন এঁটে দেন ওউট ওটঘোস্ট। ৪-১ গোলের জয়ে এগিয়ে থেকে আগামী ১৬ মার্চ ফিরতি লেগে মাঠে নামবে ম্যানইউ। ছেলেদের এমন ঘুরে দাঁড়ানোয় বেশ উৎফুল্ল টেন হ্যাগ। ম্যাচ শেষে বলেন, ‘একটা বিপত্তির পর পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারাটা খুব ভালো ব্যাপার। এই মৌসুমে এবারই প্রথম আমরা ঘুরে দাঁড়াইনি। আগেও এমনটা খেলেছি। এই দলটার নিজস্ব ধরন আছে। ওরা প্রশংসা পাওয়ার যোগ্য।’

ইউরোপা লিগের ভিন্ন ম্যাচে ফ্রেইব্রুর্গকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে জুভেন্টাস। দলের হয়ে ম্যাচজয়ী গোলটি আসে ডি মারিয়ার পা থেকে। অন্যদিকে তুরস্কের ক্লাব ফেনারবাচেকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে সেভিয়া। দলের হয়ে গোল দুটি করেন জর্ডান ও এরিক লামেলা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা