প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ২২:৩৩ পিএম
প্রথমবারের মতো হওয়া মেয়েদের আইপিএলে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তারকা সব ক্রিকেটারের সঙ্গে কোচিং প্যানেলেও বেশ অভিজ্ঞ দলটি। সঙ্গে মেন্টর হিসেবে কাজ করছেন ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা।
তাতেও যেন কিছুতেই কোনো কাজ হচ্ছে না। সবশেষ তিন ম্যাচেই হারতে হয়েছে দলটিকে। পরিস্থিতি এমন যে, ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ৬ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে।
এ অবস্থায় সানিয়া বলেন, ‘খুব কঠিন ম্যাচ গিয়েছে। ওদের বলেছি, একটা জিনিস মনে রাখতে, আমরা কেন এই প্রতিযোগিতা করছি। প্রতিদিন সেটা মনে রাখতে হবে। প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে।’
দলে হারের চাপ প্রসঙ্গে সানিয়া বলেন, ‘চাপ রয়েছে। অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে। কিন্তু তারা এখানে ক্রিকেট খেলতে এসেছে। যে খেলাটা তারা সবচেয়ে বেশি ভালোবাসে। তাই চাপ সরিয়ে খেলাটাকে উপভোগ করতে বলেছি।’