প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ২১:৪৭ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৩ ২২:০১ পিএম
চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। নির্ধারিত সময় পেরিয়ে যেতে শুরু হয়েছে। অথচ মাঠে ফুটবলারদের দেখা নেই। গত মঙ্গল ও বুধবার পরপর দুই দিনই এমন চিত্র ছিল চ্যাম্পিয়নস লিগের বরুশিয়া ডর্টমুন্ড–চেলসি ও এসি মিলান–টটেনহ্যাম ম্যাচে। দুটো ম্যাচই ছিল লন্ডনে। যা মাঠে গড়িয়েছে নির্ধারিত সময়ের অনেক পর। প্রশ্নটা সেখানেই, হঠাৎ কেন এই কালক্ষেপণ। পরে জানা গেছে সেই কারণ। দুই দলই মাঠে যাওয়ার পথে পড়েছিল লন্ডনের কুখ্যাত জ্যামে। ফলে মাঠে পৌঁছাতে দেরি হয়ে যায় দুই দলেরই।
দেরিতে শুরু হওয়া এসি মিলান–টটেনহ্যাম ম্যাচটি ড্র হয়েছে। যদিও প্রথম লেগে ১-০ গোলে মিলান এগিয়ে থাকায় শেষ আট নিশ্চিত হয়ে গেছে তাদের। অন্যদিকে নিজেদের ডেরায় জয় তুলেছে চেলসি। তাতেই শেষ আটে পৌঁছে গেছে পটারের দল। তবে এদিন লন্ডনের জ্যামে নাভিশ্বাস উঠে গিয়েছিল দুই দলের ফুটবলারদের।
আরও পড়ুন: আবারও ব্যর্থ খাজা
পরে জ্যামে বসেই উয়েফার কাছে ম্যাচ শুরুর সময় কিছুটা পিছিয়ে দেওয়ার আবেদন জানায় এসি মিলান-টটেনহ্যাম। দুই দলই একই পরিস্থিতির শিকার হওয়ায় পরে ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেয় উয়েফা। মঙ্গলবার রাতেও বরুশিয়া ডর্টমুন্ড দল ট্রাফিক জ্যামের কবলে পড়ে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর স্টামফোর্ড ব্রিজে পৌঁছায়।