চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৯:৫৯ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৩ ২০:৪৫ পিএম
চট্টগ্রামে ৮ দেশের অংশগ্রহণে শুরু হয়েছে বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট, চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। বাংলাদেশ ছাড়াও হংকং, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কুয়েত ও মিসরের খ্যাতিমান খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টটিতে ৩৫ জন পুরুষ খেলোয়াড় অংশ নিচ্ছেন।
মঙ্গলবার ( ৭ মার্চ ) চট্টগ্রাম ক্লাবে ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রতিযোগিতার দিন গণনা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী।
আয়োজকরা জানান, এবার চ্যালেঞ্জার ট্যুর-৫ প্রতিযোগিতায় দেশসেরা ৯ জন স্কোয়াশ পুরুষ খেলোয়াড় মিসর, কুয়েত, ভারত, হংকং, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ২৩ জন পেশাদার খেলোয়াড়দের সঙ্গে খেলবে। বিশ্বের ৮২ ও ৮৩তম র্যাঙ্কধারী মিসরের ইব্রাহিম ও সাইফের সঙ্গে আসরে অংশ নেবেন মালয়েশিয়া, কুয়েত, ভারত আর শ্রীলঙ্কার স্কোয়াশ খেলোয়াড়।
আরও পড়ুন: নারী ক্রিকেটারদের সমতায়নের বার্তা
ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম এসপিপি (অব.) এস এ গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, ফেডারেশনের সহসভাপতি মীর্জা সালমান ইস্পাহানি, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এস এ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম এসপিপি (অব.), চট্টগ্রাম ক্লাব লিমিটেডের স্কোয়াশের মেম্বার ইনচার্জ মো. সালামত উল্লাহ (বাহার) এমবিএ ও এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম।