প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১২:০১ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৩:৩৪ পিএম
মধুর এক সময়ই কাটাচ্ছেন এমবাপে। গত ম্যাচেই পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের মুকুট পরেছেন ফরাসি তারকা। সে সময়টা যে কতটা মধুর সেই পরীক্ষাই আজ দিতে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। যদি পরীক্ষায় পাস করতে না পারেন তাহলে ফের স্বপ্নভঙ্গ হবে তার দলের। মহাগুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে মাঠে নামার আগে এমবাপেকে চ্যালেঞ্জ ছুড়েছেন বায়ার্ন তারকা থমাস মুলার। বলেছেন, আরাম করে খেলতে দেবেন না এমবাপেকে।
ঘরের মাঠে প্রথম লেগে পুরো সময় খেলতে পারেননি এমবাপে। তবে যতটা সময় মাঠে ছিলেন নজর কেড়েছেন। সে ম্যাচে হারায় তাই আর সবার থেকে দুঃখটা একটু বেশিই পেয়েছেন তিনি। কেননা ক্যারিয়ারে এখনও তার নেওয়া হয়নি চ্যাম্পিয়নস ট্রফির স্বাদ। সে কারণের আর সবার থেকে ইউরোপ-সেরা হওয়ার জন্য মুখিয়ে আছেন তিনি। বিষয়টি ভালোই জানা আছে মুলারের। সে কারণেই এমবাপের জন্য ফাঁদ পেতেছেন তিনি। জানিয়েছেন এমবাপেকে ঘিরে আলাদা পরিকল্পনা আছে তাদের। খেলতে দেবেন না মজা করে।
মুলার বলেন, ‘এমবাপে যে ভয়ংকর তার প্রোফাইল যৌক্তিকভাবে সেই বিপদের প্রতিনিধিত্বই করে। তবে আমরা তাকে মজা করে খেলতে দেব না। সে এমন একজন খেলোয়াড় যে পিএসজির হয়ে সবচেয়ে বেশি গোল করেছে।’
এমবাপেকে কীভাবে আটকাবেন, সেই ভাবনা ভেবে রেখেছেন মুলার। বলেন, ‘তাকে কীভাবে থামানো যায় তা নিয়ে আমাদের ভাবতে হবে, কিন্তু এটা দলীয় খেলা। একজন খেলোয়াড়কে থামানোর প্রশ্ন নয়। মাঝখানে তার জায়গা কমাতে হবে। আমরা তাকে আটকাতে একের পর এক যেতে চাই। সে যদি প্রথম খেলোয়াড়কে পাস করে, তাহলে পেছনে অন্য একজন থাকবে। পুরো বিশ্ব তাকে ফুটবল খেলতে দেখতে ভালোবাসে, কিন্তু আগামীকাল আমরা তাকে দেখতে চাই না। আমাদের পরিকল্পনা কার্যকর হলে সে মজা পাবে না।’
এর আগে বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে হারের পর তার ভবিষ্যৎ চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচের ওপর নির্ভর করছে কি না, প্রশ্ন করা হয়েছিল এমবাপেকে। সহসী উত্তরই দিয়েছিলেন তিনি। বলেন, ‘আমার ক্লাব কখনও ইউরোপীয় চ্যাম্পিয়নদের মুকুট পায়নি। ক্লাবের প্রতি সম্মান না দেখিয়ে যদি আমার ভবিষ্যৎকে চ্যাম্পিয়নস লিগের সঙ্গে যুক্ত করতাম, তাহলে অনেক আগেই চলে যেতাম। আমি মনে করি না এটা ম্যাচে কোনো প্রভাব পড়বে। আমি এখানে আছি এবং তার জন্য আমি খুব খুশি। পিএসজিকে সাফল্য এনে দেওয়া ছাড়া আমি অন্য কিছু নিয়ে ভাবছি না।’